প্রাক্তন প্রেমিকাকে অপহরণ করে ‘সহমরণে’র ফাঁদ পেতেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত করুণ এবং মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। মৃতের নাম নগেন্দ্র।
ঘটনাটি কর্ণাটকের তুমাকুরু জেলার। পুলিশ সূত্রে খবর, নগেন্দ্রের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়। নগেন্দ্রর ফোন নম্বর ‘ব্লক’ করে দেন তরুণী। এর জেরেই যুবক আরও ক্ষুব্ধ হন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে গত শনিবার সকালে নগেন্দ্র তরুণীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান। সেখানে তাঁদের মধ্যে ফের বচসা বাঁধে। অভিযোগ, নগেন্দ্র টেনে-হিঁচড়ে তরুণীকে গাড়িতে তোলেন এবং সেখান থেকে চম্পন দেন। যাওয়ার সময় তিনি প্রাক্তন প্রেমিকাকে খুনের হুমকি দেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তরুণীকে খুনের পর নিজেকেও শেষ করে দেবেন বলে জানান নগেন্দ্র।
জানা গিয়েছে, কিছুক্ষণ পরই চলন্ত গাড়ির মধ্যে একটি ধারাল ছুরি নিয়ে প্রাক্তন প্রেমিকার উপর চড়াও হন নগেন্দ্র। আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে দেন চালক। তারপরই গাড়ি থেকে পালান তরুণী। পুলিশ সূত্রে খবর, ঠিক তখনই গাড়ির ভিতরে ভয়ংকর বিস্ফোরণ হয়। মাঝ রাস্তায় দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয়েছে নগেন্দ্রর। গুরুতর আহত অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন চালক।
