সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার আগে থেকেই বিদেশ থেকে কালো টাকা উদ্ধারের পাশাপাশি গোটা দেশে দুর্নীতি রোধের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আমলে যে দেশে দুর্নীতি আগের তুলনায় অনেকটাই কমেছে, সেকথা পরবর্তীকালে জানিয়েওছেন। এবার এ ব্যাপারে ফের নয়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মোদি সরকার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যে সমস্ত কর্মীর বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকা কিংবা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে, তাদের নামের তালিকা জমা দিতে হবে প্রত্যেকটি সরকারি দপ্তর এবং মন্ত্রককে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। আগামী ৫ আগস্টের মধ্যে এই তালিকা জমা দিতে বলা হয়েছে। তালিকায় যাদের নাম থাকবে, ১৫ আগস্টের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গোটা ব্যাপারটি কেন্দ্রীয় নজরদারি সংস্থার অধীনে সম্পন্ন হবে।
[সাবধান! ভারতে হানা দিয়েছে মারণ ‘ব্লু হোয়েল গেম’, মৃত কিশোর]
বস্তুত, গোটা দেশে প্রতিদিনই দুর্নীতির পরিমাণ বেড়ে চলেছে। ছোট থেকে বড়, আমলা আধিকারিকদের অধিকাংশই দুর্নীতিগ্রস্ত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই কেন্দ্রের নয়া এই পদক্ষেপ। ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রক থেকে শুরু করে সমস্ত প্যারামিলিটারি ফোর্সকে এই সংক্রান্ত তালিকা তৈরি করে জমা দিতে বলা হয়েছে। যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে আগে অভিযোগ উঠেছে, দোষ প্রমাণিত হয়েছে কিংবা শাস্তি প্রদান করা হয়েছে, তাদের সবার নাম থাকবে ওই তালিকায়। এরপর ওই আধিকারিকদের উপর চলবে নজরদারিও। এছাড়াও দেখা হবে অভিযুক্ত আধিকারিকরা ব্যক্তিগত স্বার্থে সরকারের কোনওরূপ ক্ষতিসাধন করছে কিনা। তারপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর, ১৫ আগস্টের পর থেকেই শুরু হয়ে যাবে দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া। এজন্য দায়িত্ব দেওয়া হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) এবং কেন্দ্রীয় নজরদারি সংস্থা (CVC)-কে।
[বসিরহাট কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট জমা দিল এনআইএ]
জানা গিয়েছে, প্রায় ৫০ বছরের পুরনো নিয়মের বদলে দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত করার জন্য গত জুন মাসেই ছ’মাসের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। তদন্ত জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এই মামলাগুলি বহুদিন ধরেই ঝুলে রয়েছে। ইতিমধ্যে এ কারণে তদন্ত সংক্রান্ত আইনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
[‘মা চিনের মহিলা বলেই কি মোদি বিরোধিতা করেন?’]
The post দুর্নীতিগ্রস্ত সরকারি আমলাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ মোদি সরকারের appeared first on Sangbad Pratidin.
