ভারতের উদারতা ও সহনশীলতাকে যেন দুর্বলতা বলে ভুল না করা হয়। স্বাধীনতা দিবসের আগেই প্রকাশ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হুঁশিয়ারি। অপারেশন সিঁদুরের প্রসঙ্গেই পড়শি পাকিস্তানকে এমনই কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। মনে করিয়ে দিলেন ঝুঁকি নিয়ে পরিণতির কথা বিবেচনা না করেই শত্রুর ওপর কঠোর আঘাত হানতে সক্ষম নয়াদিল্লি।
ডিসকভারি চ্যানেলের আসন্ন তথ্যচিত্র সিরিজ 'ডিক্লাসিফাইড: অপারেশন সিঁদুর'-এ ডোভাল মুখ খুলেছেন এই বিষয়ে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''বিশ্বের কাছে বার্তা খুবই স্পষ্ট- ভারতের উদারতা বা ভারতের সহনশীলতাকে দুর্বলতা বলে ভুল করা উচিত নয়। ভারত ঝুঁকি নিতে পারে, কঠিন আঘাত করতে পারে, পরিণতি নিয়ে মাথা না ঘামিয়েই।''
স্বাধীনতা দিবসের আগেই প্রকাশ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হুঁশিয়ারি। অপারেশন সিঁদুরের প্রসঙ্গেই পড়শি পাকিস্তানকে এমনই কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোররাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি। ৮৮ ঘণ্টার অপারেশনে দুরমুশ হয়ে গিয়েছিল সন্ত্রাসের আঁতুড়ঘর। সেপ্রসঙ্গে ডোভাল বলছেন, ''আমরা এই অভিযানের লক্ষ্য হিসেবে শত্রুঘাঁটি ধ্বংস করার বিষয়টিই ঠিক করেছিলাম— বিশেষ করে তাদের ঘাঁটিগুলো, যারা পহেলগাঁও হামলার জন্য দায়ী ছিল।''
প্রসঙ্গত, ডিসকভারি চ্যানেলে ওই তথ্যচিত্রটি শনিবার রাত ৯টায় সম্প্রচারিত হবে। পাশাপাশি এবং স্ট্রিমিং পরিষেবা ডিসকভারি প্লাসেও তা দেখা যাবে। ডিসকভারির এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই পর্বের এই ডকু-সিরিজটিতে ভারতের সামরিক ও জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তারা 'অপারেশন সিঁদুর'-কে কেন্দ্র করে নেওয়া সিদ্ধান্ত ও ঘটনাপ্রবাহ তুলে ধরবেন।
