shono
Advertisement

Breaking News

PM Modi

'ঝুট কা গুঞ্জ' মিলিয়ে যাবে তরুণদের গর্জনে! ভদোদরায় রাহুলকে বিঁধলেন মোদি

‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠান ঘিরে উদ্দীপনা কতটা রয়েছে, তা বোঝা যায় মোদি সেখানে পৌঁছতেই।
Published By: Biswadip DeyPosted: 01:25 PM Sep 08, 2026Updated: 04:18 PM Sep 08, 2026

ভদোদরা মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি প্যাভিলিয়নে আয়োজিত ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠান ঘিরে উদ্দীপনা ছিলই। তা তুঙ্গ মুহূর্ত স্পর্শ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) মঙ্গলবার সেখানে পৌঁছতেই। ব্লকবাস্টার 'ধুরন্ধর ২'-র সুপারহিট 'আড়ি আড়ি' গানে স্বাগত জানানো হয় তাঁকে। পরে বক্তব্য রাখার সময় একগুচ্ছ প্রকল্পের কথা বলতে শোনা যায় তাঁকে। সেই সঙ্গেই তিনি তোপ দাগলেন কংগ্রেসকে।

Advertisement

আগে থেকেই জানা ছিল, এদিন ৩৫,০০০ কোটি টাকার রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের সূচনা করবেন মোদি। এবং ডেডিকেটেড ফ্রেট করিডোরের তিনটি নতুন সেকশনের উদ্বোধনও করার কথা তাঁর। তার আগে মঞ্চে উঠে মোদি তোপ দাগেন কংগ্রেসকে। দাবি করেন, হাত শিবিরের আমলে দেশের উন্নয়ন থমকে ছিল। তাঁকে কটাক্ষ করতে দেখা যায়, ''গত এক দশকে ভারত রেল কোচ, মেট্রো কোচ, রেল ইঞ্জিনের এক বৃহৎ নির্মাতায় পরিণত হয়েছে। ২০১৪ সাল থেকে ধরলে আমরা ৫০ হাজার আধুনিক ট্রেন নির্মিত করেছি। বিগত সরকার দশ বছরে ৫০ হাজার শৌচালয়ও বানাতে পারেনি।'' সেই সঙ্গেই বিরোধীদের 'নারাজ ফুফাজি' (ক্রুদ্ধ পিসেমশাই) বলেও টিপ্পনী কাটেন মোদি। ফ্রেইট করিডোর প্রসঙ্গেই তিনি বলেন, ''এবার ক্রুদ্ধ পিসেমশাইরা কী বলবেন? বলবেন, এতে ট্রাক চালকদের অসুবিধা হবে না তো? ট্রাক কোন পথ দিয়ে যাবে? যাঁরা ট্রাক কিনেছেন, তাঁদেরই বা কী হবে?'' সেই সঙ্গে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে 'ঝুট কি গুঞ্জ'-এর প্রবক্তা বলেও আক্রমণ করতে দেখা যায় তাঁকে। তাঁর দাবি, তরুণদের গর্জনেই ওই 'গুঞ্জ' ছাপা পড়বে।

মোদির এই অনুষ্ঠানকে ঘিরে আগে থেকেই উদ্দীপনা ছিল। ভদোদরা পুরসভার তরফে ‘বুকমাইশো’-এর মতো বেসরকারি টিকেটিং প্ল্যাটফর্মকে কাজে লাগানো হয়। এর মাধ্যমে টিকি বিক্রি শুরু হতেই যেন ম্যাজিক! একঘণ্টার মধ্যেই সব টিকিট নিঃশেষ হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্যেই এই জনসভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর এদিনই তিনি মহারাষ্ট্র সফরও করবেন। উল্লেখ্য, ২০,৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ‘ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোর’ উত্তর ভারতের সঙ্গে মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দরের (জেএনপিটি) সরাসরি রেল যোগাযোগ স্থাপন করবে। এর ফলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহণ দ্রুততর হবে, লজিস্টিকস বা পণ্য পরিবহণ সংক্রান্ত খরচ কমবে এবং বিদ্যমান রেলপথে চলাচলের চাপ হ্রাস পাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement