সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বকরি ইদের এক দিনে আগে উত্তপ্ত উপত্যকা। ঝরল রক্ত। শ্রীনগরের কাছে পান্থচকে পুলিশের বাসে হামলা চালাল জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। আটজন পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
[বন্যা রুখতে নদী সংযোগের পরিকল্পনা মোদির, বরাদ্দ ৫৫ হাজার কোটি]
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধের দিকে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক ধরে ওই গাড়িটি যাচ্ছিল। পান্থচক এলাকায় পুলিশের বাসটিকে কার্যত ঘিরে ফেলে জঙ্গিরা। বাস লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। গাড়িটি ঝাঁঝরা হয়ে যায়। জম্মু কাশ্মীরের আইজিপি মুনির খান জানান, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। হামলার দায় নিয়েছে লস্কর-ই-তৈবা। যে এলাকায় জঙ্গিরা গুলি চালায় তার থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল সিআরপিএফের ক্যাম্প। দ্রুত সেখানে পৌঁছে যায় বাহিনীর জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। আহতদের ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
[‘ভারতে উড়বে ইসলামিক পতাকা, মোদি রুখতে পারবেন না’]
বকরি ইদের আগে জম্মু-কাশ্মীরে নাশকতার হুমকি দিয়েছিল একাধিক জঙ্গি গোষ্ঠী। সম্প্রতি এক অডিও বার্তায় প্রাক্তন হিজবুল মুজাহিদিন কমান্ডার মুসা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দিয়েছে। ভারতে ইসলামিক পতাকা উড়বে, মোদি রুখতে পারবেন না বলে হাওয়া গরম করেছে এই জঙ্গি। তার মধ্যে লস্করের এই হামলা জম্মু-কাশ্মীর সরকাররে মাথাব্যথা বাড়িয়েছে। এদিকে এদিন পুঞ্চে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। তাদের গুলিতে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে।
The post শ্রীনগরে পুলিশের বাসে লস্কর জঙ্গিদের গুলিবৃষ্টি, শহিদ ১ appeared first on Sangbad Pratidin.
