আম আদমি পার্টির সঙ্গে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। এমনকী অরবিন্দ কেজরিওয়ালের দল ছেড়ে নতুন দল গঠনের সম্ভাবনাও বাড়ছে। এই অবস্থায় রাঘব চাড্ডার জেড প্লাস (Z+) নিরাপত্তা কাড়ল পাঞ্জাবের আপ সরকার! কিছুদিন আগেই রাজ্যসভার সহকারী নেতার পদ থেকে রাঘবকে সরিয়ে দিয়েছিল দল। এর পর থেকেই ঘটনার ঘনঘটা।
৩৭ বছর বয়সি রাঘবের নিরাপত্তার দায়িত্বে ছিলেন পাঞ্জাব পুলিশের আধিকারিক ও কর্মীরা। সূত্রের খবর, অবিলম্বে তাঁদের সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। উল্লেখ্য, আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিতেই এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে নীরবতা ভাঙেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। একটি মন্তাজ ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে তাঁরই রাজ্যসভার বিভিন্ন মুহূর্ত দেখা গিয়েছে। সংসদে জনতার ইস্যু তুলে ধরে ইদানিং সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ভিডিও-মুহূর্তও সেদিকেই নির্দেশ করে। মোবাইল সংস্থাগুলির ট্যারিফ ৩০ দিনের পরিবর্তে ২৮ দিন কেন প্রশ্ন তোলা থেকে গিগ কর্মীদের পাশে দাঁড়ানো, পিতৃত্বকালীন ছুটির মতো নানা ইস্যুতেই তাঁকে সওয়াল করতে দেখা যায় কোলাজ ভিডিওয়।
আম আদমি পার্টিতে যে তিনি থাকবেন না সেটা একপ্রকার দিনের আলোর মতো পরিষ্কার। তবে কি বিজেপিতে যোগ দেবেন? এসব নিয়ে জল্পনার মধ্যেই সোশাল মিডিয়ায় চমকপ্রদ ইঙ্গিত দিয়েছেন রাঘব। বুঝিয়ে দিয়েছেন, নয়া দল গঠন করার ভাবনা চিন্তা রয়েছে তাঁর মাথায়। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাঘবের এক সমর্থক দাবি করেন, দেশের তরুণ প্রজন্ম চায় রাঘব চাড্ডা নিজের একটি রাজনৈতিক দল গড়ুন। এখন অন্য কোনও দলে যোগ দিলে জনপ্রিয়তা হারাবেন রাঘব। এমনকি সমালোচনার মুখেও পড়তে পারেন। তাই সবচেয়ে ভালো হবে নিজের আলাদা দল গড়লে। এবং তাতে যুবসমাজ ব্যাপকভাবে তাঁর পাশে দাঁড়াবে। রাঘবের ওই নতুন দলের নাম ‘জেন জি পার্টি’ হতে পারে।
তাৎপর্যপূর্ণভাবে ওই সমর্থকের পোস্টে জবাব দিয়েছেন রাঘব নিজে। তিনি শুধু লিখেছেন, ‘interesting thought’ অর্থাৎ ‘বেশ আকর্ষণীয় চিন্তাভাবনা’। রাঘবের ওই ছোট্ট মন্তব্যই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি করে দিয়েছে। যদিও আপের দাবি, রাঘব বিজেপিতেই যাবেন। তাঁর বিজেপির সঙ্গে কথাবার্তা ইতিমধ্যেই সম্পন্ন। দু'বছর আগে থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর।
