বহুজন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা সমাজকর্মী প্রয়াত কাশীরামকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবিতে সোচ্চার হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই মর্মে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখলেন কংগ্রেস সাংসদ। প্রধানমন্ত্রীকে লেখা সেই চিঠি সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন রাহুল।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠি সোশাল মিডিয়ায় তুলে ধরে রাহুল গান্ধী লিখেছেন, 'সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে মহান যোদ্ধা ও দলিতদের মার্গদর্শক মাননীয় কাশীরামজিকে ভারতরত্ন দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমি। এই সর্বোচ্চ সম্মান কাশীরামজির সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেককে সম্মানিত করবে যারা দলিতদের অধিকার, দাবি ও আত্মসম্মানকে দিশা দেখিয়েছেন। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর উদ্দেশে আমার এই চিঠি।'
গান্ধী লিখেছেন, 'সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে মহান যোদ্ধা ও দলিতদের মার্গদর্শক মাননীয় কাশীরামজিকে ভারতরত্ন দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমি।
উল্লেখ্য, দলিত, শোষিত ও পিছিয়ে পড়া মানুষের (বহুজন) রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং মূলধারার রাজনীতিতে তাদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার জন্য কাশীরাম আজীবন লড়াই করেছেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠির ছত্রে ছত্রে সে কথা তুলে ধরেছেন রাহুল। রাহুল লিখেছেন, 'আজ আমরা কাশীরামের জন্মদিন উদযাপন করছি। ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য। এই পুণ্যতিথিতে ভারত সরকারের আমার আবেদন তার অসামান্য কৃতিত্বের জন্য তাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হোক। বহু বছর ধরে, দলিত বুদ্ধিজীবী, নেতা এবং সমাজকর্মীরা কাশীরামকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়ে আসছেন।'
পাশাপাশি রাহুল লেখেন, 'সম্প্রতি, আমি লখনউতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম, সেখানে উপস্থিত নেতা এবং অংশগ্রহণকারীরা এই দাবি দৃঢ়ভাবে জানিয়েছেন। অর্থাৎ এই দাবি সেখানকার সাধারণ মানুষেরও। তাঁকে ভারতরত্ন প্রদান আমাদের জাতির প্রতি তার অপরিসীম অবদানকে স্বীকৃতি দেবে। এটি লক্ষ লক্ষ মানুষের আকাঙক্ষাকেও সম্মান করবে যারা আজও তাঁকে ক্ষমতায়ন এবং আশার প্রতীক হিসেবে দেখেন।'
