ভারত ‘ভবিষ্যতে কোনও অসদাচরণ’ করলে কলকাতায় হামলা হবে। ক'দিন আগে এই ভাষাতে হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। পহেলগাঁওয়া হামলার বর্ষপূর্তিতে পালটা হুমকি দিলেন রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এদিন বলেন, প্রতিবেশী যদি কোনও রকম ঝামেলার চেষ্টা করে তবে...।
বুধবার জার্মানিতে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজনাথ। সেখানে তিনি বলেন, "ভারতের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আজ পর্যন্ত ভারত নিজে থেকে বিশ্বের কোনও দেশকে আক্রমণ করেনি। যিনি শক্তিশালী তিনি কখনও আক্রমণ করেন না। কিন্তু প্রতিবেশী যদি ঝামেলার চেষ্টা করে, তাহলে...। সব প্রতিবেশী ভালো, কেবল একটি ছাড়া।" রাজনাথ মনে করিয়ে দেন, "ভারত এখন আগের চেয়েও শক্তিশালী। নতুন করে বলার প্রয়োজন নেই যে আমাদের সেনা অপারেশেন সিঁদুরে কী করেছে।"
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi) পহেলগাঁওয়ে নিহতদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশাল মিডিয়া পোস্টে মোদি লিখেছেন, “গত বছর এই দিনে ঘটে যাওয়া ভয়াবহ পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ প্রাণদের স্মরণ করছি। তাঁদের কখনও ভোলা যাবে না। …আমি শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছি।” যোগ করেছেন, “জাতি হিসেবে আমরা শোক ও সংকল্পে ঐক্যবদ্ধ। ভারত কোনও প্রকার সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। সন্ত্রাসীদের জঘন্য পরিকল্পনা কখনও সফল হবে না।”
২০২৫ সালে ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায়। এই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। এর মধ্যে ২৫ জন পর্যটক। একজন স্থানীয় ব্যবসায়ী টাট্টুঘোড়াওলা। এই হামলার জবাবে সিঁদুর অভিযানে চালায় ভারতীয় সেনা। পাক ভূখণ্ডে ঢুকে জঙ্গিঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয়। এর পরেই ভারত-পাক যুদ্ধ শুরু হয়। এই সংঘর্ষে ভারতীয় সেনার হামলায় পাকিস্তানের একাধিক সামরিক বিপর্যস্ত হয়।
