সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোটবন্দির ধাক্কায় বাতিল হয়েছিল ১০০০ টাকার নোট। ২০১৬ সালের ৮ই নভেম্বরের ঘটনা। চরম হয়রানিতে পড়ে ব্যাঙ্কের সামনে বিশাল লাইনে দাঁড়াতে হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে। আবার বাজারে ফিরছে সেই হাজার টাকার নোট। তবে নতুন রূপে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মঙ্গলবার জানিয়েছে, বাজারে ফিরতে চলেছে নতুন হাজার টাকার নোট। কেন্দ্র চলতি বছরের ডিসেম্বরেই এই নোট নিয়ে আসবে ।
[দাঙ্গায় ভেঙে পড়া ধর্মস্থানের মেরামতির খরচ থেকে রেহাই গুজরাটের]
সূত্রের খবর খুব তাড়াতাড়িই হাজার টাকার নোট ছাপা শুরু করবে কেন্দ্র। ৫০০ ও ২০০০ টাকার নোটের মধ্যে যে ফাঁক রয়ে গিয়েছে, তা পূরণ করতেই মূলত এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই নাকি সে নোটের ডিজাইনও তৈরি করা হয়েছে এবং কেন্দ্র তা অনুমোদনও করেছে। পাশাপাশি, যে কাগজে নোটটি ছাপা হবে, তাও পছন্দ করা হয়ে গিয়েছে বলে সূত্র জানাচ্ছে। পাশাপাশি, নিরাপত্তার দিকটিও এখানে জোর দিয়ে দেখছে কেন্দ্র। নোট জাল হওয়া রুখতে সবরকম সুরক্ষাকবচ ব্যবহার করা হবে বলেও কেন্দ্র আশ্বস্ত করেছে।
[২৭ বছরের চেষ্টায় একা হাতে পুকুর খুঁড়ে তাক লাগালেন এই ব্যক্তি]
মাইসোর ও শালবনিতে নোটগুলি ছাপা হবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সেখানে। ২০০০ টাকার নোট ছাপানো শেষ হয়েছে, এখন ২০০ টাকার নোট ছাপানো চলছে। এরপর ছাপাখানায় যাবে ১০০০ টাকার নোট।
[রাম রহিমের গুন্ডাদের তাণ্ডব রুখে দেশবাসীর কুর্নিশ কুড়োচ্ছেন ইনি]
সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনের সুবিধার্থেই এই নোট ফের নিয়ে আসা হচ্ছে বলে কেন্দ্র জানিয়েছে। ৫০০ ও ২০০০ টাকার নোটের মাঝখানে একটা মধ্যবর্তী অঙ্কের নোট জরুরি ছিল বলেও মনে করছে বিশেষজ্ঞমহল। বর্তমানে বাজারে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ২০০০ টাকার নোট চালু আছে। সম্প্রতি সাধারণ মানুষের হাতে এসেছে ২০০ টাকার নোট। এর আগে, হাজার টাকার নোট থাকলেও সুরক্ষার প্রশ্নে তা বাতিল করে মোদি সরকার। সেসব প্রয়োজনীয় সুরক্ষকবচ দিয়েই এবার নতুন অবতারে আসছে ১০০০ টাকার নোট, আর চলতি বছরের ডিসেম্বরেই তা পেয়ে যাবে দেশ।
The post ডিসেম্বরেই বাজারে আসছে নতুন ১০০০ টাকার নোট! appeared first on Sangbad Pratidin.
