shono
Advertisement
Uttar Pradesh

তীর্থযাত্রায় দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দু'টি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের, প্রকাশ্যে ভিডিও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার বাহাদুরগড় থেকে হরিদ্বার যাচ্ছিল পরিবারটি। উদ্দেশ্য ছিল মন্দির দর্শন এবং গঙ্গাস্নান।
Published By: Kishore GhoshPosted: 08:33 PM Jun 28, 2026Updated: 10:05 PM Jun 28, 2026

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাহরানপুরে পথদুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের। দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়েতে একটি গাড়ি বাঁক নেওয়ার জায়গায় পথ ভুল করে। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর চারচাকাটিকে পিছন দিকে আনছিলেন (ব্যাক করাচ্ছিলেন) চালক। তখনই তীব্র গতিতে ছুটে আসা একটি স্করপিওর সঙ্গে সংঘর্ষ হয়। এর জেরে প্রথম গাড়িটির পেছনের অংশ দুমড়ে যায়, বেশ খানিকটা দূরে ছিটকে যায় সেটি। অন্যদিকে স্করপিওটি উলটে যায়। তাতেই মৃত্যু হয়েছে চারজনের। আহত আরও তিনজন। দুর্ঘটনার ভয়ংকর ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার বাহাদুরগড় থেকে হরিদ্বার যাচ্ছিল পরিবারটি। উদ্দেশ্য ছিল মন্দির দর্শন এবং গঙ্গাস্নান। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাইওয়ে দিয়ে যাওয়ার সময় হলগোয়ার কাছে বাঁদিকে মোড় না নিয়ে গাড়িটি বেশ খানিকটা এগিয়ে যাচ্ছে। এক সময় ভুল বুঝতে পেরে চালক গাড়িটিকে পিছন দিকে নিয়ে আসছিলেন। তখনই তীব্র গতিতে ধেয়ে আসা একটি স্করপিও অন্য গাড়িটির পিছনে প্রবল ধাক্কা মারে।

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে পিছন দিক থেকে আসা গাড়িটিকে বেশ কয়েক মিটার টেনে নিয়ে যায় স্করপিওটি। সেটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। অন্যদিকে স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। পুরো ঘটনা মহাসড়কের নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে। দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যঘপ্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন প্রবীণ (৪০), তাঁর স্ত্রী প্রীতি (৩৭), তাঁর মা সুদেশ এবং নয় বছরের শিবাংশ। এই পরিবারেরই অন্য তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে তাঁদের।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং উদ্ধারকারী দল। হাসপাতালে আহতদের চিকিৎসা তদারকি করছেন স্থানীয় পুলিশকর্তা ও জেলাশাসক। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। হাইওয়ের সিসিটিভি ফুুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement