সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তকে ঘিরে সরকার ও বিরোধী কাজিয়া চলছেই৷ কিন্তু এ সবের মধ্যে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না৷ এখনও ব্যাঙ্ক ও এটিএমের সামনে দীর্ঘ লাইন৷ আর এ বিষয়েই এবার কেন্দ্রকে সতর্ক করল সুপ্রিম কোর্ট৷ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত৷
মানুষের ভোগান্তিকে হাতিয়ার করেই সরব হচ্ছে বিরোধীরা৷ বিরোধী শক্তিগুলিকে এক করে বড়সড় আন্দোলনের পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ অন্যান্য বিরোধী দলগুলিও এ ব্যাপারে একজোট হচ্ছে৷ সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে যে এ নিয়ে ঝড় উঠবে তা বলার অপেক্ষা রাখে না৷ এর এই পুরো প্রক্রিয়াটিতেই বিরোধীদের অস্ত্র সাধারণ মানুষের ভোগান্তি৷ প্রধানমন্ত্রী বারবার ধৈর্য ধরার অনুরোধ করলেও, কোথাও কোথাও সহ্যের বাঁধ ভাঙছে৷ বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির খবরও আসছে৷ আর এরপরই মানুষের স্বার্থে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে নির্দেশ দিল৷ এ ব্যাপারে কেন্দ্রর পাশেই আছে সুপ্রিম কোর্ট৷ মোদির সিদ্ধান্তে কোনও স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত, পরিবর্তে এ বিষয়ে পরবর্তী শুনানি ২৫ নভেম্বরের পর হবে বলেও জানানো হয়েছে৷
ইতিমধ্যেই অবশ্য প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে৷ মাইক্রো এটিএম চালু করার পাশাপাশি কোনও কোনও রাজ্যে নেমেছে এটিএম বাস৷ হাসপাতাল-সহ জরুরি পরিষেবার ক্ষেত্রে পুরনো নোট ব্যবহারের সময়সীমাও বাড়ানো হয়েছে৷ কিন্তু তা সত্ত্বেও এখনও পরিস্থিতি যে খুব স্বাভাবিক হয়েছে এমনটা বলা যায় না৷ আরও দ্রুত ও কার্যকরী পদক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরামর্শ দিল দেশের সর্বোচ্চ আদালত৷
The post নোট বাতিলের সিদ্ধান্তে কেন্দ্রর পাশে সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.
