shono
Advertisement
Sharad Pawar

কংগ্রেসের সঙ্গে মিশছে শরদ পওয়ারের দল! কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে! কী শর্তে?

যদিও প্রকাশ্যে শরদ পওয়ার এখনও কংগ্রেসের সঙ্গে দল মিশিয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন, "এনসিপি এসপি স্বতন্ত্র।"
Published By: Subhajit MandalPosted: 04:14 PM Jul 02, 2026Updated: 05:04 PM Jul 02, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সংযুক্তিকরণ অর্থাৎ মার্জার হবে কিনা, তা নিয়ে এখনও বিস্তর ধোঁয়াশা রয়েছে। তবে এনসিপির শরদ পওয়ার (Sharad Pawar) শিবির যে শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে মিশছেই, সেটা একপ্রকার নিশ্চিত। সূত্রের খবর, দুই দলের কথাবার্তা অনেক দূর এগিয়েছে। যদিও প্রকাশ্যে শরদ ওই সংযুক্তিকরণের দাবি খারিজ করে দিচ্ছেন।

Advertisement

এনসিপি(এসপি) সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং এমকে স্ট্যালিনের মতো হেভিওয়েট নেতাদের হারের পর নিজের রাজনৈতিক দল ও মেয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মারাঠা স্ট্রংম্যান। মাঝে বেশ কিছুদিন অজিত পওয়ারের সঙ্গে দল মিশিয়ে দেওয়া নিয়ে আলোচনা করছিল শরদ শিবির। যদিও সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। সুনেত্রা পওয়ারের নেতৃত্বে এনসিপি বিজেপির সঙ্গেই জোটে থাকতে চাইছে। ফলে শরদ পওয়ারের কাছে কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া ছাড়া বিশেষ বিকল্প নেই। কারণ তাঁর দলের যে ৮ সাংসদ রয়েছেন এবং ১০ বিধায়ক রয়েছেন, তাঁরাও যে কোনও মুহূর্তে দল ছেড়ে বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারেন। এই পরিস্থিতিতে কংগ্রেসেই ভবিষ্যৎ দেখছেন মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিবিদ।

পওয়ার ঘনিষ্ঠ সূত্র বলছে, কংগ্রেসের সঙ্গে দল মিশিয়ে দিতে বিশেষ আপত্তি নেই শরদের। তিনি নিজেও দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন। তাছাড়া এই মুহূর্তে কংগ্রেসে দল মেশালে বিরোধী শিবিরও শক্তিশালী হবে। তবে তাঁর একাধিক শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে, মেয়ে সুপ্রিয়া সুলেকে কংগ্রেসের সর্বভারতীয় স্তরের কোনও বড় পদ দিতে হবে। সেটা সহ-সভাপতি বা সমতুল কিছু হতে পারে। আবার কংগ্রেস ওয়ার্কিং কমিটিতেও তাঁর দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। সূত্র বলছে, ইতিমধ্যেই মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের সঙ্গে নিজের দলের নেতাদের এ নিয়ে আলোচনা করার নির্দেশ দিয়েছেন শরদ। রাজ্যস্তরের নেতাদের মধ্যে আলোচনা চূড়ান্ত হলে এআইসিসি স্তরে শরদ নিজেই কথা বলবেন। দ্রুতই সবটা চূড়ান্ত হয়ে যেতে পারে।

যদিও প্রকাশ্যে শরদ পওয়ার এখনও কংগ্রেসের সঙ্গে দল মিশিয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন, "এনসিপি এসপি স্বতন্ত্র। আমাদের কোনও সাংসদও দলত্যাগ করবেন না।" কেউ কেউ অবশ্য বলছেন বিজেপির সঙ্গে জোটের রাস্তাও পুরোপুরি বন্ধ করেননি শরদ। যদিও ওয়াকিবহাল মহলের ধারণা, সবটাই কংগ্রেসের উপর চাপ বাড়ানোর কৌশল। যাতে দরদামে বেশি সুবিধা করা যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement