shono
Advertisement
Supreme Court

তৃণমূল জমানার কলঙ্কমোচন! নিয়োগ জট কাটিয়ে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা প্রত্যাহার রাজ্যের

সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করল পশ্চিমবঙ্গ সরকার। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কলকাতা হাই কোর্ট বাংলায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৭৭টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাতিল করেছিল।
Published By: Suhrid DasPosted: 06:18 PM Jul 14, 2026Updated: 07:30 PM Jul 14, 2026

সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করল পশ্চিমবঙ্গ সরকার। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কলকাতা হাই কোর্ট বাংলায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৭৭টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাতিল করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যে পালাবদলে বিজেপি ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করা হবে। রাজ্যের তরফে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা করেছিল তৎকালীন তৃণমূল সরকার। সেইসব মামলাতে সর্বোচ্চ আদালতে আর বিরোধিতা করবে না রাজ্য, সেই কথাও নবান্ন সূত্রে জানা গিয়েছিল।

Advertisement

আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্য মন্ত্রিসভা এই আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল আগেই। শুধু তাই নয়, রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনও তাদের পৃথক আপিল প্রত্যাহার করেছে। সুপ্রিম কোর্ট এই মামলা প্রত্যাহারে আবেদনের অনুমতি দিয়েছে। তবে অন্য কোনও পক্ষ চাইলে নিজেদের আপিল চালিয়ে যেতে পারবে। সেই বিষয়ও আদালত স্পষ্ট করে দিয়েছে। 

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পূর্বতন তৃণমূল সরকারের ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করা হবে। ২৪ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা প্রত্যাহার করল রাজ্য সরকার। 

তৃণমূল কংগ্রেস জমানায় ওবিসি সার্টিফিকেট নিয়েও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। কলকাতা হাই কোর্ট ২০১০ সালের পর ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৭৭টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাতিলের নির্দেশ দেয়। শুধু তাই নয়, এই ঘটনায় নিয়োগ প্রক্রিয়াও আটকে যায়। জটিলতা দেখা দিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে। সরকারে এসেই ওবিসি নিয়ে বিশেষ নজর দেয় বিজেপি সরকার। গতকাল, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পূর্বতন তৃণমূল সরকারের ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করা হবে। ২৪ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা প্রত্যাহার করল রাজ্য সরকার। 

শিক্ষক নিয়োগ কবে হবে?  গতকাল সেই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, ওবিসি সংরক্ষণের জটিলতায় নিয়োগ প্রক্রিয়া কিছুটা পিছিয়ে পড়েছে। ওবিসি সংক্রান্ত আইন বিধানসভায় পাশ করা হয়েছে। আগের তৃণমূল সরকার যে ভুল করেছিল, সেটা প্রথমে ঠিক করা হয়েছে। তারপরই শুভেন্দু জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত যে মামলা বিগত সরকার করেছিল, সেখান থেকে এই সরকার সরে আসবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement