shono
Advertisement
Supreme Court

প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার 'শাস্তি', বাতিল অভিযুক্ত আইনজীবীর লাইসেন্স

অভিযুক্ত আইনজীবী আপাতত দেশের কোনও আদালতে কাজ করতে পারবেন না।
Published By: Amit Kumar DasPosted: 08:04 PM Oct 06, 2025Updated: 08:04 PM Oct 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা এজলাসে প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছোড়ার ফল ভুগতে হল অভিযুক্তকে। আইনজীবী রাকেশ কিশোরের লাইসেন্স আপাতত বাতিল করল বার কাউন্সিল। যার জেরে অভিযুক্ত ওই আইনজীবী দেশের কোনও আদালত বা ট্রাইব্যুনালে আপাতত কাজ করতে পারবেন না।

Advertisement

বার কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আইনজীবী রাকেশকে একটি কারণ দর্শানোর নোটিস পাঠানো হবে। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাদিহি করতে হবে। কেন এই সাসপেন্ডের মেয়াদ বাড়ানো হবে না এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে না। দিল্লির বার কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের।

সোমবার একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই একজন আইনজীবী প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন! অভিযুক্ত ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, “ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না।” জানা যাচ্ছে, সপ্তাহ খানেক আগে প্রধান বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের মামলা শুনানি ছিল। সেই সময় একটি প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “যাও, দেবতাকে জিজ্ঞাসা করো” অনুমান করা হচ্ছে অভিযুক্তের মন্তব্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বিচারপতি গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়া এবং ‘সনাতনের অপমান’ সম্পর্কিত মন্তব্যের। যদিও ঘটনার পর বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি প্রধান বিচারপতিকে। ঘটনার পরে তিনি নির্দিষ্ট কার্যপ্রক্রিয়া চালিয়ে যান তিনি। এমনকী বলেন, “এসব দেখে বিভ্রান্ত হবেন না। এসব আমার উপর প্রভাব ফেলবে না। শুনানি চালিয়ে যান।”

সুপ্রিম কোর্টের আইনজীবী রোহিত পান্ডে অভিযুক্তকে শনাক্ত করেন। অভিযুক্ত রাকেশ কিশোর ২০১১ সাল থেকে সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সদস্য। রোহিত বলেন, “প্রধান বিচারপতির ঈশ্বর সম্পর্কিত মন্তব্যের প্রতিবাদে এই কাণ্ড ঘটানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।” এদিকে রাকেশকে তদন্তকারী সংস্থা আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য, বিতর্কিত মন্তব্য সম্পর্কে আগেই জবাব দিয়েছেন প্রধান বিচারপতি গাভাই। তিনি বলেছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি সব ধর্মকে সম্মান করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভরা এজলাসে প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছোড়ার ফল ভুগতে হল আইনজীবী রাকেশ কিশোরকে।
  • অভিযুক্তের লাইসেন্স আপাতত সাসপেন্ড করা হয়েছে বার কাউন্সিলের তরফে।
  • পরবর্তী পদক্ষেপ না করা পর্যন্ত অভিযুক্ত দেশের কোনও আদালত বা ট্রাইব্যুনালে কাজ করতে পারবেন না।
Advertisement