shono
Advertisement
Telangana

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে ছাদ থেকে ধাক্কা, স্যালাইনে টয়লেট ক্লিনার! গ্রেপ্তার নার্স স্ত্রী

নিষ্ঠুরতায় পুণে হত্যাকাণ্ডকেও পিছনে ফেলে দিতে পারে তেলেঙ্গানার এই নৃশংস ঘটনাটি।
Published By: Biswadip DeyPosted: 01:03 PM Jul 07, 2026Updated: 01:42 PM Jul 07, 2026

পুণে হত্যাকাণ্ডে শোরগোল দেশজুড়ে। এবার ফের প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে নৃশংস হত্যার অভিযোগে তোলপাড় তেলেঙ্গানা। প্রথমে ছাদ থেকে ধাক্কা, এরপর শরীরে টয়লেট ক্লিনার ঢুকিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পেশায় নার্স এক তরুণীকে। আর এই ঘটনায় অভিযুক্ত তাঁর প্রেমিকও।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত সন্ধ্যার স্বামী প্রশান্ত বিদেশে থাকতেন কর্মসূত্রে। এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে অনিল নামে একজনের সম্পর্ক তৈরি হয়। এদিকে প্রশান্তর সঙ্গেও দূরত্ব ক্রমেই বাড়তে থাকে। এরপর প্রশান্ত বাড়ি ফিরতেই তাঁকে হত্যার ছক কষেন সন্ধ্যা, এমনই অভিযোগ। প্রথমে মদ খাইয়ে ছাদ থেকে ধাক্কা দেওয়া হয়। কিন্তু প্রশান্ত গুরুতর আহত হলেও মারা যাননি। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিযোগ, এরপর নিজের নার্সিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অ্যানাস্থেসিয়া এবং টয়লেট ক্লিনার স্যালাইনের লাইনের মাধ্যমে প্রবেশ করিয়ে দেন স্বামীর শরীরে। বিষক্রিয়ায় মারা যান তিনি। এই কাজে সন্ধ্যা ও অনিলের সঙ্গী হিসেবে আরও এক অভিযুক্তের নামও উঠে এসেছে। তিনি ভেঙ্কট সাই। প্রশান্তকে মদ খাওয়ানোর দায়িত্ব নাকি তাঁর উপরে ছিল!

শেষপর্যন্ত প্রশান্তর মা পুলিশে অভিযোগ দায়ের করতেই বিষয়টি ক্রমে পরিষ্কার হয় তদন্তকারীদের কাছে। ফোনের সূত্র, জিজ্ঞাসাবাদ-সহ নানা তদন্তে ক্রমেই সন্ধ্যার উপরে সন্দেহ ঘনায়। এরপর পুলিশের হাতে গ্রেপ্তার হন তিন অভিযুক্ত। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত তথ্য জানতে চাইছে পুলিশ। ঘটনাটির ফরেনসিক তদন্তও হচ্ছে বলে জানা যাচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, পুণে হত্যাকাণ্ডে বিয়ের আগে হবু স্বামীকে কেল্লা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সিয়া গোয়েলের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে বারবার প্রেমিকের সঙ্গে মিলে প্রেমিক বা স্বামীকে হত্যার মতো ঘটনা সামনে এসেছে। এবার তেলেঙ্গানার এক নৃশংস ঘটনায় সকলে শিউরে উঠল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement