shono
Advertisement
Assembly Elections 2026

'সময়ের অভাবে' সাক্ষাতে অনীহা, রাষ্ট্রপতিকে চতুর্থ চিঠি তৃণমূলের, সাড়া দেবে রাইসিনা হিলস?

বারবার আবেদন খারিজের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত চেয়ে চতুর্থবার তৃণমূলের তরফে চিঠি রাষ্ট্রপতি ভবনে।
Published By: Monishankar ChoudhuryPosted: 03:43 PM Mar 24, 2026Updated: 04:21 PM Mar 24, 2026

রাজ্য বিধানসভা ভোটের (Assembly Elections 2026) আগে রাজ্য ও রাষ্ট্রপতির সম্পর্কের টানাপোড়েন আরও একধাপ বাড়ল। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। এই আবহে রাষ্ট্রপতির সঙ্গে আগে তিনবার সাক্ষাৎ করার আবেদন জানালেও তা নাকচ করে রাষ্ট্রপতি ভবন।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, ৯ মার্চ প্রথমবার রাষ্ট্রপতির কাছে প্রতিনিধিদল পাঠানোর জন্য সময় চেয়ে চিঠি দেন রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন। দলের তরফে জানানো হয়েছে, রাজ্যে তফসিলি জাতি, জনজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের উন্নয়নে যে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে, তার বিস্তারিত বিবরণ রাষ্ট্রপতির সামনে তুলে ধরার জন্য সাক্ষাতের আবেদন জানায় রাইসিনা হিলসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সাংসদদের এই উদ্যোগ বলে খবর। তবে ১১ মার্চ 'সময়ের অভাব' কারণ দেখিয়ে সাক্ষাৎ দেওয়া সম্ভব নয় বলে জানায় রাষ্ট্রপতি ভবন।

এরপর আবার ১৬ থেকে ২০ মার্চের মধ্যে সময় চেয়ে নতুন করে আবেদন করা হয় তৃণমূলের তরফে। ২২ মার্চ আবারও একই কারণ দেখিয়ে আবেদন নাকচ করা হয়। এই পরিস্থিতিতে ২৩ মার্চ তৃতীয়বার চিঠি পাঠিয়ে ২৪ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে যে কোনও একটি তারিখে সময় দেওয়ার অনুরোধ জানায় তৃনমূল। সেই আবেদন খারিজের পর ফের আজ চতুর্থবার তৃণমূলের তরফে চিঠি যায় রাষ্ট্রপতি ভবনে।

উল্লেখযোগ্য, সম্প্রতি রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে স্বাগত জানাতে আসেননি বলেও আক্ষেপ প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই ইস্যুতে কেন্দ্র-রাজ্যের আকচাআকচির জলও গড়ায় বহুদূর। এই আবহে তিন তিনবার রাষ্ট্রপতির সাক্ষাতের অনীহা প্রকাশে তৃণমূলের দাবি, 'পরপর তিনবার সময় না দেওয়া অত্যন্ত অভূতপূর্ব'। তবে চতুর্থ চিঠিতে সাড়া মিলবে কিনা, এ নিয়ে আপাতত নতুন করে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি রাষ্ট্রপতি ভবনের তরফে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement