shono
Advertisement

Breaking News

TMC

১০ দিনের ডেডলাইন, সাংসদদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কালীঘাট তৃণমূলের

বুধবারই অভিষেকের নেতৃত্বে লোকসভা অধ্যক্ষের সঙ্গে দেখা করেন কালীঘাট তৃণমূলের সাংসদরা।
Published By: Subhajit MandalPosted: 12:21 PM Aug 13, 2026Updated: 01:11 PM Aug 13, 2026

দলত্যাগী সাংসদদের পদ বাতিল নিয়ে ১০ দিনের মধ্যে স্পিকার ওম বিড়লা ব্যবস্থা না নিলে সুপ্রিম কোর্টে যাবে কালীঘাট তৃণমূল (Kalighat TMC)। পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। প্রায় ৩ সপ্তাহ আগে দলত্যাগ সংক্রান্ত অভিযোগ স্পিকারের কাছে জমা পড়লেও এখনও তা নিয়ে সিদ্ধান্ত নেননি ওম বিড়লা। তাই আর অপেক্ষা না করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে কালীঘাট।

Advertisement

আসলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস দু'ভাগ হয়ে গিয়েছে। বিধানসভায় তো বটেই, লোকসভাতেও তৃণমূলের নাম-প্রতীকে নির্বাচিত ২০ জন সাংসদ দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, এনডিএ-তে যোগ দিয়ে বিজেপি সরকারকে সমর্থন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সদলবল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই ২০ জনের সাংসদ পদ খারিজ করার দাবিতে আলাদা আলাদা করে স্পিকার ওম বিড়লার কাছে ২০টি আবেদন জমা করেছেন অভিষেকরা। কিন্তু এখনও পর্যন্ত স্পিকার ওই আর্জিগুলি নিয়ে কোনও পদক্ষেপ করেননি। আবার দল হিসাবে এনসিপিআইকেও স্বীকৃতি দেননি। এই পরিস্থিতিতে স্পিকারের উপর চাপ বাড়ানোর পন্থা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবারই অভিষেকের নেতৃত্বে লোকসভা অধ্যক্ষের সঙ্গে দেখা করেন কালীঘাট তৃণমূলের সাংসদরা। তাঁদের দাবি ছিল প্রধানত দু'টি। এক, দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজের আবেদনের দ্রুত নিষ্পত্তি। দুই, কেন লোকসভায় তৃণমূল সাংসদদের আসন পিছনের সারিতে করে দেওয়া হল। অধ্যক্ষের সঙ্গে কথা বলার পর সংসদ চত্বরে অভিষেক বলেন, "আমরা অধ্যক্ষকে চিঠি দিয়েছি গত মাসের ২২-২৩ তারিখ নাগাদ। তিন সপ্তাহ কেটে গেল। আমরা তাহলে আদালতে যেতে পারি।"

অতীতে সুপ্রিম কোর্টই দলত্যাগ সংক্রান্ত অভিযোগের সুরাহার জন্য স্পিকারকে ৩ মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। সেই সময়সীমায় এখনও অনেকটা বাকি। তবে অভিষেকরা ততদিন অপেক্ষা করতে রাজি নন। সূত্রের খবর, কালীঘাট তৃণমূল আর এক সপ্তাহ থেকে দশ দিন অপেক্ষা করবে। এর মধ্যে এনসিপিআই নিয়ে স্পিকার যদি কোনও সিদ্ধান্তে পৌঁছতে না পারেন তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement