বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন উড়ালপুলের নীচে। সেদিকেই দানবের মতো ছুটে এল বিপদ! ঘণ্টাদুয়েক নাগাড়ে বৃষ্টি। শহরের একাংশে কার্যত জল থইথই। এরমধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। মহেশতলায় বজ বজ ট্রাঙ্ক রোডে দুর্ঘটনার কবলে এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোডের মোল্লার গেট মোড়ে উড়ালপুলের ১০৯ নম্বর পিলারের নীচে বৃষ্টির সময় দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিনজিরা বাজারের দিক থেকে মোল্লার গেটের দিকে যাওয়ার সময় ১৮ টাকা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের গার্ডওয়ালে ধাক্কা মেরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান এলাকার বাসিন্দারাই। জানা গিয়েছে, তাঁর একটি পা বাদ দিয়েছে। অপর পায়ের অবস্থাও আশঙ্কাজনক। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে মহেশতলা জিনজিরা তনদন্ত কেন্দ্রের পুলিশ। গাড়ির চালককেও আটক করা হয়েছে।
অন্যদিকে, কৈখালিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে অ্যাপ ক্যাব। চিনার পার্কের দিকে যাওয়ার পথে জমা জলের মধ্যেই গর্তে পড়ে যায় ক্যাবটি। দুর্ঘটনার সময় গাড়িতে দু'জন যাত্রী ছিলেন। গাড়িটি জলের মধ্যে অর্ধেক ডুবে গর্তে আটকে যায়। কোনওক্রমে আশেপাশের লোকজন ছুটে এসে গাড়ির দরজা খুলে যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৈখালি ট্রাফিক গার্ডের পুলিশ। গাড়িটিকে উদ্ধার করতেও বেশ বেগ পেতে হয়।
