মানুষের রায়ে রাজ্যে 'ডবল ইঞ্জিন' সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এরপরেই দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজে গতি এসেছে। গতি পেয়েছে বিভিন্ন দপ্তরের আরও অনেক কাজ। পালাবদলের পর এবার আরও একটি বড় সিদ্ধান্ত নবগঠিত বিজেপি সরকারের। রাজ্যের জাতীয় সড়ক শাখার অংশ তুলে দিল জাতীয় সড়ক কতৃপক্ষের হাতে। এই সিদ্ধান্তের ফলে সড়ক পরিবহনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এরফলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের পূর্ত দপ্তরের হাতে থাকা সাতটি জাতীয় সড়ক তুলে দেওয়া হচ্ছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হাতে। মুখ্যসচিবের অফিস থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ রয়েছে যে প্রায় এক বছর ধরে অনুমোদনের জন্য পড়েছিল এই প্রস্তাব। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক এই বিষয়ে একাধিকবার তৎকালীন তৃণমূল সরকারকে অনুরোধ জানিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও প্রস্তাবগুলি প্রায় এক বছর ধরে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ। আনুষ্ঠানিক হস্তান্তর না হওয়ায় এই সড়কগুলির উন্নয়নমূলক কাজও বন্ধ হয়ে পড়েছিল। এদিন অনুমোদন মিলে যাওয়ায় কেন্দ্রীয় সংস্থাগুলি আর বিলম্ব না করে কাজ শুরু করতে পারবে।
এই সড়কগুলির কাজ সম্পূর্ণ হলে সিকিম, ভুটান, বাংলাদেশের সঙ্গে সংযোগ দৃঢ় হবে। এছাড়া দার্জিলিং ও ডুয়ার্সের জাতীয় সড়ক যোগাযোগ আরও পোক্ত হবে। মালদহ ও মুর্শিদাবাদের উপর দিয়ে যাওয়া বিহার-বেঙ্গল করিডরের উন্নয়নও আটকে ছিল এই অনুমোদনের অপেক্ষাতেই। সে ক্ষেত্রেও আর কোনও বাধা রইল না। শুধু তাই নয়, আরও দক্ষিণে থাকা উত্তর ২৪ পরগনা ও নদিয়ার উপর দিয়ে ঘোজাডাঙা সীমান্ত অবধি রাস্তাও হবে উন্নততর।
এই সেই বিজ্ঞপ্তি।
যে সাত হাইওয়ে হস্তান্তর করা হল, সেগুলি হল-
- জঙ্গিপুর–ওমরপুর–কৃষ্ণনগর–বনগাঁ–বসিরহাট (ঘোজাডাঙা) অবধি ৩২৯.৬ কিমি রাস্তা।
- বিহার/পশ্চিমবঙ্গ সীমান্ত–গাজোল রুটের পশ্চিমবঙ্গের সম্পূর্ণ অংশ।
- বিহার/পশ্চিমবঙ্গ সীমান্ত–ফরাক্কা রুটের পশ্চিমবঙ্গের সম্পূর্ণ অংশ।
- সেবক আর্মি ক্যান্টনমেন্ট–করোনেশন ব্রিজ–কালিম্পং–পশ্চিমবঙ্গ/সিকিম সীমান্ত অবধি ৬৬ কিমি রাস্তা।
- হাসিমারা–জয়গাঁও হয়ে ভারত-ভুটান সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ।
- বারাদিঘি–ময়নাগুড়ি–চ্যাংরাবান্ধা হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ।
- শিলিগুড়ি (দার্জিলিং মোড়)–কার্শিয়াং–দার্জিলিং সম্পূর্ণ অংশ।
