দুষ্কর্ম করলে ছাড়া হবে না দলের নেতা কর্মীদেরও। প্রথম থেকেই এই নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিল রাজ্য বিজেপি। রাজ্যে পালাবদলের পর একাধিক অভিযোগে দলের প্রায় ১০০ জনের বেশি নেতাকর্মীকে শোকজও করা হয়েছে। এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কলকাতার এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। ভয় দেখানোর অভিযোগে চেতলার ওই বাসিন্দাকে শোকজ ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দলের শৃঙ্খলা না মানায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই বিজেপি কর্মীর নাম তারক বন্দ্যোপাধ্যায়। তিনি চেতলা রোডের বাসিন্দা। তারকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনের পর থেকে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও দলীয় কর্মীদের উপর শারীরিক হেনস্তা করেছেন। এছাড়াও একাধিক দলবিরোধী কাজ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগে তাঁকে শোকজ করে রাজ্য বিজেপি। ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে অভিযুক্তকে। এর পাশাপাশি আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাঁকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গিয়েছে, তারকের বাড়ি চেতলা চত্বরে হলেও তিনি বিজেপির কর্মী হিসেবে নিউ আলিপুর চত্বরে রাজনীতি করেন। তাঁর স্ত্রী পুরসভা নির্বাচনে বিজেপির হয়ে টিকিটও পেয়েছিলেন। রাজ্যে পালাবদলের পর তিনি বেপরোয়া হয়ে উঠেছিলেন বলে অভিযোগ। এলাকায় ভয় দেখানো থেকে শুরু করে একাধিক দলবিরোধী কাজ করছিলেন তিনি। রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই সব অভিযোগের কথা জানিয়ে তারকবাবুকে একটি চিঠি পাঠান। তাঁকে শোকজ ও সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের কথা জানানো হয়। মূলত রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশানুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচন পরবর্তী সময়ে অত্যাচারের অভিযোগ উঠেছিল। এই সব ঘটনায় একাধিক বিজেপি নেতা কর্মীকে শোকজ, সাসপেন্ড করেছে দল। এবার কলকাতা শহরে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য বিজেপি।
