সিএএতে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে কলকাতায় এসে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগরিকত্ব পাওয়া নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে বলে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। সেইসব জটিলতা কেটে যাবে। সেই বার্তাও এদিন দিয়েছেন শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এবার ১২৫ তম জন্মতিথি। বাংলায় ১২৫ ফুট দীর্ঘ শ্যামাপ্রসাদের মূর্তি বসছে নিউটাউনে। সেই উপলক্ষ্যে আজ, সোমবার ভূমিপুজো হয়। সেই উপলক্ষ্যে নিউটাউনে উপস্থিত হন শাহ। সেখানেই তিনি বার্তা দেন, "এই ভূমিপুজোকে আলাদাভাবে দেখছি। সোনার বাংলা গঠনের সংকল্পপূরণের সূচনার দিন শুরু হল।"
নরেন্দ্র মোদি সরকার নাগরিকত্ব আইন চালু করেছে। বাংলা-সহ ভারতে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলে আগেই বার্তা দিয়েছে বিজেপি সরকার। বাংলাদেশ থেকে এই বাংলাতেও অনেক শরণার্থী এসেছেন অতীতে। তাঁদেরও নাগরিকত্ব দেওয়া হবে, সেই কথা জানানো হয়েছিল। অনেকেই সিএএ-তে আবেদন করে ভারতের নাগরিকত্ব পাচ্ছেন। কিন্তু নাগরিকত্ব পাওয়া নিয়ে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে বলে অভিযোগ সামনে আসছিল। এবার বাংলায় বিজেপি সরকার গঠন হয়েছে। ডবল ইঞ্জিন সরকার বাংলার উন্নয়নের জন্য কাজ করছে। কলকাতায় এসে ফের নাগরিকত্ব নিয়ে বড় বার্তা দিলেন শাহ।
বক্তব্য রাখছেন অমিত শাহ। ছবি- কৌশিক দত্ত
প্রসঙ্গত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বার্তা দিতেন। কংগ্রেস সেই বিষয়কে গুরুত্ব দিতে নারাজ ছিল! স্বাধীনতার সময় জওহরলাল নেহরু ও লিয়াকতের চুক্তি হয়েছিল। কিন্তু সেসময় হিন্দু শরণার্থীরা, বিশেষ করে বাংলার হিন্দুরা আরও কোণঠাসা হয়েছিলেন বলে মত রাজনীতিকদের একাংশের। ভিটেমাটি-সহ সব কিছুই হারিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন। এদিন অমিত শাহ বলেন, "সেই চুক্তি যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পড়েছিলেন, তিনি বলেন কংগ্রেস পূর্ব পাকিস্তান ও পাকিস্তানের হিন্দুদের কথা চিন্তা করেননি। ভারতের মুসলমানের চিন্তা করেছেন কিন্তু হিন্দুদের কথা বলেনি।" নিউটাউনের মঞ্চ থেকে শাহ জোর গলায় এদিন বলেন, "এখন শ্যামাপ্রসাদের দলের সরকার সিএএ এনে হিন্দুদের নাগরিক করছেন। আমরা বাকিদেও নাগরিকত্ব দেব।"
বাংলায় হিন্দুত্ববাদের বার্তা আগেই দেওয়া হয়েছে। এবার নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে জটিলতা কাটিয়ে সেই বার্তাকে আরও জোরালো করা হল। এমনই মত রাজনৈতিক মহলের। রদিন শাহ বলেন, "শ্যামাপ্রসাদের আত্মা আশীর্বাদ করছেন। উনি বলেছিলেন, এক দেশে আলাদা-আলাদা নিশান চলবে না।" কাশ্মীরের জেলে মৃত্যু হয়েছিল শ্যামাপ্রসাদের। সেই মৃত্যুর তদন্ত কংগ্রেস করেনি, আরও একবার সেই অভিযোগ এদিন করলেন শাহ। নিউটাউনের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এখন নরেন্দ্র মোদি ৩৭০ ধারা বিলুপ্ত করেছেন। শ্যামাপ্রসাদের সংকল্প পূরণ করছেন।"
