shono
Advertisement

Breaking News

Joy Kamdar

রাজসাক্ষী হতে চেয়েও রেহাই নেই! জয় কামদারের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির নয়া অভিযোগ 

ব্যবসায় শেয়ার হোল্ডার বানিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল জয় ও তাঁর ভাই তুষারের বিরুদ্ধে।
Published By: Subhankar PatraPosted: 12:01 PM Aug 16, 2026Updated: 06:08 PM Aug 16, 2026

জমি দুর্নীতি মামলায় সম্প্রতি রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জয়। এরই মধ্যে ফের আইনি গেরোয় জড়ালেন অভিযুক্ত ব্যবসায়ী। নতুন করে মামলা দায়ের হল জয় কামদারের (Joy Kamdar) বিরুদ্ধে।

Advertisement

অভিযুক্ত পুলিশকর্তা শান্তনু সিনহা ঘনিষ্ঠ হিসেবে উঠে এসেছিল এই জয় কামদারের নাম। এবার ব্যবসায় শেয়ার হোল্ডার বানিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল জয় ও তাঁর ভাই তুষারের বিরুদ্ধে। লাভের টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকার সম্পত্তি করে নেওয়ার পর প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে জয়-সহ দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। কলকাতার অশ্বিনী দত্ত রোডের বাসিন্দা জয় কামদার, তুষার কামদার এবং তাঁদের সংস্থার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জয় কামদার ও তুষার কামদার একযোগে অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হন। অভিযোগকারীর দাবি, তাঁকে একটি নির্দিষ্ট সম্পত্তি নেওয়ার ব্যবস্থা করে দিলে মোট লাভের ২৫ শতাংশ দেওয়া হবে তাঁকে। এ কথা শুনে অভিযোগকারী নেপাল ভট্টাচার্য স্ট্রিটে একটি দামি সম্পত্তিতে আবাসন প্রকল্পের জন্য বন্দোবস্তও করে দেন। এরপর লিখিত চুক্তি হয়। ওই জমিতে কাজ শুরু হয়, সম্পন্নও হয়। অভিযোগ, কাজ শেষ হওয়ার পর অভিযুক্তরা চুক্তি না মেনে অভিযোগকারীকে নাম মাত্র টাকা দিয়ে বিদায় করার চেষ্টা করে। এমনকী চুক্তির শর্তও অস্বীকার করে তারা। অভিযোগকারীর দাবি, বিশ্বাসঘাতকতা ও জালিয়াতি করে ওই সম্পত্তি হাতিয়ে নিয়েছে জয় ও তুষার। এটা বুঝতে পেরেই অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণার ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন জয় কামদার। মামলাটির শুনানি চলাকালীন ইডি আদালতেও এই ইচ্ছের কথা প্রকাশ করেছেন। তবে ইডি তাঁর এই আবেদন গ্রহণ করবে কি না অথবা আদালত তা মঞ্জুর করবে কি না, তা বিবেচনাধীন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement