shono
Advertisement
CM Suvendu Adhikari

পুজোয়, বিসর্জনে নিষিদ্ধ ডিজে, হবে না কার্নিভ্যালও, শারদোৎসবে নির্দেশ মুখ্যমন্ত্রীর

জাতীয় সড়ক ছাড়াও মহানগরের ১৩টি রাস্তা আটকে পুজো নয়। সেই নির্দেশও দেওয়া হয়েছে। 
Published By: Suhrid DasPosted: 05:46 PM Sep 07, 2026Updated: 06:41 PM Sep 07, 2026

পুজোর দিন, বিসর্জনেও নিষিদ্ধ ডিজে। কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তৃণমূল আমলে ঘটা করে রেড রোডে কার্নিভ্যাল হত। সেই পুজোর কার্নিভ্যালও এবার হবে না। শারদোৎসবে সেই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। নতুন সরকারের আমলে প্রথম দুর্গাপুজোকে ঘিরে মেগা পরিকল্পনা বিজেপি সরকারের। পুজো কমিটিগুলির সঙ্গে এদিন মিলনমেলা প্রাঙ্গণে এদিন বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই এই নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জাতীয় সড়ক ছাড়াও মহানগরের ১৩টি রাস্তা আটকে পুজো নয়। সেই নির্দেশও দেওয়া হয়েছে। 

Advertisement

রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যালের সূচনা করেছিলেন। নাম করা পুজো কমিটিগুলির প্রতিমা রেড রোডে ওই কার্নিভ্যালে আনা হত। একাধিক অনুষ্ঠানও হত। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন মন্ত্রিরা ছাড়াও বিশিষ্টরা উপস্থিত থাকতেন। প্রতি বছর সেই কার্নিভ্যাল আড়ে-বহরে বাড়তেও থাকে। পুজো শেষ হয়ে গেলেও কেন কার্নিভ্যাল হবে? সেই প্রশ্ন বারেবার তুলেছে সেসময়ের বিরোধীরা। এবার সেই কার্নিভ্যালই বন্ধ হল নতুন সরকারের আমলে।

কার্নিভ্যালের সবুজ সংকেত কি বিজেপি সরকার দেবে? সেই চর্চা বেশ কিছুদিন ধরেই চলছিল। মিলনমেলার মঞ্চ থেকে আজ, সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবার থেকে কার্নিভ্যাল হবে না। নির্দিষ্ট রীতি-রেওয়াজ মেনেই দুর্গাপুজো হবে। তৃণমূল আমলে রেড রোড ছাড়াও জেলায় জেলায় কার্নিভ্যাল হত। সেসব কার্নিভ্যালও বন্ধ এবার থেকে। বিগত সরকারের সময় প্রতিমা বিসর্জনের সময় ক্রেন ব্যবহার করা হত। সেই নিয়েও বিভিন্ন মহলে বিতর্ক, প্রশ্ন ছড়িয়েছিল। এবার বিসর্জনের ক্ষেত্রেও কোনও ক্রেন ব্যবহার হবে না। ঘাটে কোনও ক্রেন ব্যবহার হবে না। সেই কথাও জানিয়ে দেওয়া হল। 

দুর্গাপুজোর সময় রাজ্যের বিভিন্ন জায়গায় ডিজে বাজানো হয়! নিষেধাজ্ঞা থাকলেও বিসর্জনের সময় তারস্বরে ডিজে বাজানো হয় বলে অভিযোগ। এই ইস্যুতে বিভিন্ন সময় বিবাদও দেখা গিয়েছে। এবার পুজোর সময় ও বিসর্জনে কোনও বিজেপি বাজবে না। সেই কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "মহরমের শোভাযাত্রা ছিল, বলেছি ডিজে বাজাবেন না। অস্ত্র নিয়ে মিছিল করতে দিইনি। সকলের সহযোগিতা নিয়েই করেছি সেটা। এবার পুজোয় ডিজে বাজানো নিষিদ্ধ ঘোষণা করছি। সহযোগিতা করবেন।"  

জাতীয় সড়ক আটকে পুজো করা যাবে না। সেই কথাও জানিয়ে দিয়েছেন শুভেন্দু। মহানগরের ১৩টি রাস্তা বন্ধ করেও কোনও পুজো হবে না। পুজোকে কেন্দ্র করে যান চলাচল ও মানুষের নিরাপত্তার বিষয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। রেড রোড, জওহরলাল নেহরু রোড, স্ট্র্যান্ড রোড, খিদিরপুর রোড, বর্ধমান রোড, ডিএল খান রোড, হসপিটাল রোড, ক্যাথিড্রাল রোড, নির্মল চন্দ্র রোড, লেনিন সরণি, বিবি গাঙ্গুলি স্ট্রিট, পার্ক সার্কাস কানেক্টর, প্রিন্স আনোয়ার শাহ রোড আটকে পুজো নয়, সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে করতেই প্রশাসন ইচ্ছুক। এদিন সেই বার্তা দেওয়া হয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement