shono
Advertisement
ED Raid in Kolkata

ভোটের মুখে 'অ্যাকশনে' ইডি, কলকাতার ৫ জায়গায় জোর তল্লাশি

ইডির পাশাপাশি তল্লাশি অভিযান জারি রয়েছে আয়কর দপ্তরেরও। ভোর সাড়ে পাঁচটা নাগাদ দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে পৌঁছে যান আয়কর বিভাগের কর্তারা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
Published By: Sayani SenPosted: 09:45 AM Apr 17, 2026Updated: 02:09 PM Apr 17, 2026

ভোটের মুখে ফের সক্রিয় ইডি। শুক্রবার ভোর থেকে কলকাতার নানা প্রান্তে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED Raid in Kolkata) আধিকারিকদের। সল্টলেক, মিডলটন স্ট্রিট-সহ কলকাতার মোট পাঁচটি জায়গায় হানা ইডির। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি।

Advertisement

সম্প্রতি একটি বিখ্যাত রিয়াল এস্টেট সংস্থার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ ওঠে। সেই রিয়েল এস্টেট সংস্থার মালিককেও জিজ্ঞাসাবাদ করা হয়। সেই মামলার সূত্র ধরেই শুক্রবার সকালে সল্টলেকের সিএফ এবং সিকে ব্লকে হানা দেন আধিকারিকরা। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর। আপাতত ওই বাড়িটিতে প্রবেশ কিংবা বাড়ি থেকে কারও বেরনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ইডি আধিকারিকরা মিডলটন স্ট্রিটে হানা দেয়। সেখানেও একটি বাড়িতে তল্লাশি চলছে। এছাড়া একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও জোর তল্লাশি চলছে বলেই খবর।

এদিকে, ইডির পাশাপাশি তল্লাশি অভিযান জারি রয়েছে আয়কর দপ্তরেরও। ভোর সাড়ে পাঁচটা নাগাদ দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে পৌঁছে যান আয়কর বিভাগের কর্তারা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একসঙ্গে রাসবিহারীর প্রার্থীর দুটি ঠিকানায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। যদিও ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি তা এখনও জানা যায়নি। স্বাভাবিকভাবেই প্রচার বন্ধ রেখে বর্তমানে বাড়িতেই রয়েছেন তৃণমূল প্রার্থী। এদিকে আয়কর হানার খবর পেয়ে কার্যালয়ে পৌঁছেছেন তৃণমূলের সমর্থকরা। সেখানে স্লোগান তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, কার্যালয়ে থাকা কর্মীদের নথিপত্র ঘাঁটছেন আয়কর বিভাগের আধিকারিকরা। যা নিয়ম বিরুদ্ধ। জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় দিনকয়েক আগেই বিদায়ী বিধায়ক তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করে ইডি। তিনি হাজিরাও দেন। তারপরেও ভোটের মুখে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বাড়িতে ইডি তল্লাশির নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শাসক শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement