shono
Advertisement

শনিবার সন্ধেয় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, দুই মেদিনীপুরে ধেয়ে আসছে ঝড়

হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। The post শনিবার সন্ধেয় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, দুই মেদিনীপুরে ধেয়ে আসছে ঝড় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:02 PM Mar 24, 2018Updated: 05:33 PM Jul 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা হয়েছে কলকাতাবাসীর। তবে সন্ধের পর হয়তো সেই অস্বস্তি কাটতে চলেছে। কারণ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Advertisement

সকালের চড়া রোদের পর বিকেল হতেই আকাশ ঢাকে ঘন কালো মেঘে। ফলে শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শুধু বৃষ্টিই নয়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়। যার জেরে সেই দুই জেলাতেও বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। যদিও এদিন তা বেড়ে হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে শুধু শনিবারই নয়, সোমবারও আকাশ মেঘলা থাকবে বলে জানাচ্ছেন আবহবিদরা। যদিও এখনই কালবৈশাখী আসছে না।

[২৭ মার্চ শুরু উচ্চমাধ্যমিক, টোকাটুকি রুখতে কড়া সংসদ]

গত সপ্তাহে কলকাতা-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেয়েছিলেন রাজ্যবাসী। যদিও তারপরই তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বমুখী। গত সপ্তাহেই আলিপুর আবহাওয়া দপ্তরের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আবার দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন এলাকায় রয়েছে আর একটি ঘূর্ণাবর্ত। এই ‘জোড়া ফলা’র টানে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে রাশি রাশি জলীয় বাষ্প বঙ্গে ঢুকে যায়৷ সেটাই বজ্রগর্ভ মেঘ তৈরি করে রাজ্যের উপকূলে বৃষ্টি নামাচ্ছিল। তবে তা যে কালবৈশাখী নয়, সে কথাও স্পষ্ট করে দেন তিনি। দিন সাতেক আগে বৃষ্টিতে জেলাগুলি ভিজলেও চলতি সপ্তাহের শুরুতেই ফের তাপমাত্রার পারদ চড়বে। এমন পূর্বাভাসই দেওয়া হয়েছিল। হলও তাই। তবে সপ্তাহান্তে ফের মেঘলা আকাশ বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। আর তাতেই স্বল্প সময়ের জন্য হলেও গরম থেকে মুক্তি মিলবে ভেবেই খুশি রাজ্যবাসী।

[বাঘ-ভালুকের পর চিতা, বেঙ্গল সাফারি পার্কে এবার লেপার্ড সাফারি]

The post শনিবার সন্ধেয় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, দুই মেদিনীপুরে ধেয়ে আসছে ঝড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement