ঋণখেলাপির অভিযোগে অভিনেতা তথা বিদায়ী বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। শাহিদ ইমাম নামে হুগলির এক ব্যবসায়ী, এই মামলা দায়ের করেছেন। আগামী ২ এপ্রিল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলায় প্রতিপক্ষকে পক্ষভুক্ত করার কথা জানিয়েছে আদালত। অর্থাৎ সোহম কিংবা তাঁর প্রতিনিধিকে হাই কোর্টে উপস্থিত থাকতে হবে।
মঙ্গলবার আবেদনকারী শাহিদ ইমামের অভিযোগ, ২০২১ সালে একটি ছবির জন্য সোহমকে (Soham Chakraborty) টাকা দিয়েছিলেন তিনি। ৬৮ লক্ষ টাকা পান অভিনেতার কাছ থেকে। কিন্তু, সেই টাকা ফেরত দিচ্ছেন না অভিনেতা-বিধায়ক।
প্রসঙ্গত, শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২০২২ সালে গ্রেপ্তার হয়েছিলেন এই শাহিদ। ২০২৪ সালে জামিনও পেয়ে যান। তারপরই সোহমের কাছে টাকা ফেরত চান। শাহিদের অভিযোগ, টাকা চাইলে হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। কিছুদিন আগে চারু মার্কেট থানায় এই নিয়ে অভিযোগও দায়ের করেন তিনি। সেই মামলাতেই সোহম বা তাঁর প্রতিনিধিকে থানায় হাজিরা দেওয়ার কথা জানিয়েছে আদালত।
উল্লেখ্য, সোহম চক্রবর্তী বর্তমানে নদিয়ার করিমপুরে। 'ছাব্বিশের যুদ্ধে' তিনি এই বিধানসভা আসন থেকে লড়াই করছেন। পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। পৌঁছে যাচ্ছেন ভোটারের দুয়ারে। এই আবহে তাঁর বিরুদ্ধে মামলা হল কলকাতা হাই কোর্টে।
