shono
Advertisement

Breaking News

Mahua Moitra

উসকানি মামলায় রক্ষাকবচ পেলেন মহুয়া, তবে তদন্তে সহযোগিতার নির্দেশ হাই কোর্টের

৫ অক্টোবর পর্যন্ত তাঁর রক্ষাকবচ থাকবে।
Published By: Subhankar PatraPosted: 06:15 PM Jul 21, 2026Updated: 07:27 PM Jul 21, 2026
কলকাতা হাই কোর্টে স্বস্তি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra)। উসকানিমূলক মন্তব্যে রক্ষাকবচ দিল রাজ্যের উচ্চ আদালত। তবে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের পর্যবেক্ষণ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের সব ক্ষেত্রেই সাজা ৭ বছরের মধ্যে। তারপরই নির্দেশ, মহুয়া মামলার তদন্তে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ৫ অক্টোবর পর্যন্ত তাঁর রক্ষাকবচ থাকবে।

এই মামলায় মহুয়াকে ৪ বার নোটিস দেওয়া হয়। অভিযোগ, একবারও তিনি হাজিরা দেননি।এ দিন আদালতে মহুয়ার পক্ষ থেকে জানানো হয়, সাংসদ লোকসভায় অধিবেশনে ব্যস্ত। ১৪ আগস্ট বিকাল ৩ টায় তিনি হাজিরা দিতে পারবেন। তারপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) বলেন, “এর আগে মহুয়াকে (Mahua Moitra) তলব করা হয়েছিল। সেই নোটিস গ্রহণ করেও হাজির হননি।” সওয়াল জবাব শুনে বিচারপতি এ দিন স্পষ্ট করে দেন, ৫ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচ বজায় থাকবে। তবে মহুয়া তদন্তে সহযোগিতা না করলে সেটা রাজ্য হাই কোর্টকে জানাবে।

Advertisement

শুনানিতে মহুয়ার আইনজীবী আবেদন করেন, “মহুয়া মৈত্রের উপরে ডিম হামলার পালটা অভিযোগে পুলিশ তাঁকে তলব করেছে। ভার্চুয়াল মাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া হোক।"  আদালত স্পষ্ট করে দিয়েছে, থানায় হাজিরার সময়ে যেন কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। পুলিশকে সেই ব্যবস্থা করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement