shono
Advertisement
Kolkata

শহরে জঙ্গি আতঙ্ক! 'টাকা না পেলে খুন', ভোট আবহে দুই চিকিৎসককে কারা পাঠাল হুমকি চিঠি?

শহরের দুই চিকিৎসকের কাছ থেকে ১০ লক্ষ করে টাকা দাবি করা হয় চিঠিতে। পূর্ব কলকাতার আনন্দপুর ও পূর্ব যাদবপুর থানায় দুই চিকিৎসক আলাদাভাবে অভিযোগ দায়ের করেছেন। তারই ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Arpita MondalPosted: 09:15 AM Apr 24, 2026Updated: 10:44 AM Apr 24, 2026

ভোট আবহে খাস কলকাতায় হুমকি চিঠি চিকিৎসকদের! ২০ লক্ষ টাকা তোলা চেয়ে চিঠি পাঠানোর অভিযোগ। কোনও রাখঢাক না করেই নিজেদের জঙ্গি সংগঠনের 'স্পেশাল ইউনিট' পরিচয় দিয়ে চিঠি গেল চিকিৎসকদের কাছে। শহরের দুই চিকিৎসকের কাছ থেকে ১০ লক্ষ করে টাকা দাবি করা হয় চিঠিতে। পূর্ব কলকাতার আনন্দপুর ও পূর্ব যাদবপুর থানায় দুই চিকিৎসক আলাদাভাবে অভিযোগ দায়ের করেছেন। তারই ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

কার্যত সিনেমার কায়দায় টাকা আদায়ের হুমকি যায় ওই চিকিৎসকদের কাছে। পুলিশ সূত্রে খবর, জঙ্গি সংগঠনের লেখা চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে সায়েন্স সিটির কাছে একটি নির্দিষ্ট জায়গায় যেন চিকিৎসকরা নিজে গিয়ে টাকা রেখে আসেন। কালো রঙের স্কুল ব‌্যাগে করে ওই টাকা রেখে আসার নির্দেশ দেওয়া হয় চিঠিতে। চিঠি পড়ার পর তা নষ্ট করে দিয়ে চিঠির খামটি স্কুল ব‌্যাগে সাঁটিয়ে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ওই টাকা না পেলে অথবা টাকায় কোনও রাসায়নিক মিশিয়ে নোট চিহ্নিত করে জঙ্গিদের ধরার চেষ্টা করলে চিকিৎসক ও তাঁর পরিবারের লোকেদের একে একে খুন করা হবে, এমন হুমকিও দেওয়া হয়। টাইপ করা চিঠিতে সে দাবি করা হয়, তারা গেরিলা যুদ্ধে অভ‌্যস্ত। অত‌্যাধুনিক অস্ত্র ও বুলেট ব‌্যবহার করে। নিজেদের 'কিলিং মেশিন' বলে পরিচয় দেয় চিঠিতে।

পুলিশের সূত্রে খবর, দু'টি অভিযোগের ক্ষেত্রেই খামের উপর প্রেরকের নাম ও ঠিকানা রয়েছে। প্রেরকের জায়গায়ও উল্লেখ করা আছে চিকিৎসকের নাম। তা দেখে পুলিশের সন্দেহ যে, প্রেরকের নাম ভুয়ো। আবার আসল প্রেরক দুই চিকিৎসকের পরিচিত, এমন সন্দেহও রয়েছে পুলিশের। ওই হুমকির চিঠির উদ্দেশ্য কী, তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement