shono
Advertisement

Breaking News

Lalbazar

লালবাজারে ঘোড়ারাও এখন 'ফিটনেস ফ্রিক', এবার মেনুতে ওটস!

এক বছরে কলকাতার মাউন্টেড পুলিশের জন্য অন্তত সাড়ে পাঁচশো কিলো ওটস-এর বরাত দেওয়া হচ্ছে।
Published By: Arpita MondalPosted: 09:27 AM Aug 10, 2026Updated: 09:27 AM Aug 10, 2026

অনেকেরই এখন মুখরোচে না। অনেকেরই ব্রেকফাস্টের মেনু ডিম পাউরুটি থেকে পাল্টে গিয়েছে ওটস-এ। স্বাস্থ্য সচেতন মানুষ ওটস ছাড়া রক্তে শর্করা নিয়ন্ত্রণে, হজমের সুবিধার জন্য পছন্দ করেন ওটস। তবে শুধু মানুষ নয়, ওটস পছন্দ ঘোড়াদেরও। তাই কলকাতা পুলিশের ঘোড়াদের শক্তিবৃদ্ধি করার জন্য তাদের মেনুতে থাকছে ওটস-ও। এক বছরে কলকাতার মাউন্টেড পুলিশের জন্য অন্তত সাড়ে পাঁচশো কিলো ওটস-এর বরাত দেওয়া হচ্ছে। এছাড়াও পুলিশের ঘোড়াদের মেনুতে থাকছে কচি ঘাস, গাজর, পাকা পেঁপেও।

Advertisement

লালবাজারের সূত্র জানিয়েছে, ময়দানে খেলার মাঠের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে আনা থেকে শুরু করে ময়দানের যে অঞ্চলে গাড়ি করে বা পায়ে হেঁটে টহল দেওয়া সম্ভব হয় না, ময়দানের যে অঞ্চলগুলিতে সাপের ভয় রয়েছে, সেই জায়গাগুলিতে নজরদারি বা টহলের জন্য কলকাতার মাউন্টেড পুলিশ বা ঘোড়াবাহিনী প্রায় অপরিহার্য। প্রত্যেকদিনই ঘুরিয়ে ফিরিয়ে ডিউটি করতে হয় পুলিশের ঘোড়াগুলিকে। আর তার জন্য তাদের দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্য, যাতে থাকে সবরকমের খাদ্যগুণ। এই বছর কলকাতা পুলিশের ঘোড়া বাহিনীর খাবার ও বিছানার খড়ের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করেছে লালবাজার। সেইমতো খাবারের বরাত দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের ঘোড়া বাহিনীর জন্য মেনু ঠিক করেছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। আর তাতেই প্রাধান্য পেয়েছে ওটস। তাই লালবাজারের পক্ষে এই বছরই ৫৫৫ কুইন্টাল 'ক্রাশড' বা ভাঙা ওটসের বরাত দেওয়া হচ্ছে। তার জন্য লালবাজার খরচ করছে প্রায় সোয়া ২৭ লাখ টাকা। বিশেষজ্ঞদের মতে, এই ক্রাশড ওটস-এ প্রচুর ফাইবার, ভিটামিন বি, প্রোটিন রয়েছে। সহজে এই খাবার হজম করতে পারে ঘোড়া। এ ছাড়াও প্রচুর শক্তি তৈরি করে ওটস। এ ছাড়াও যে ঘোড়াদের দাঁত অশক্ত হয়ে গিয়েছে, তারা সহজে ওটস খেতে পারে।

ওটস ছাড়াও পুলিশের প্রায় ৭০টি ঘোড়ার জন্য আরও ১৫ রকমের খাবারের তালিকা তৈরি করেছে লালবাজার। তাদের জন্য প্রায় ৩৩৪ কুইন্টাল গমের ভুসি, ২২৩ কুইন্টাল আস্ত ছোলাও রয়েছে মেনুতে। থাকছে ছোলার মতো সমপরিমাণ সোয়াবিন। বিশেষজ্ঞদের মতে, ওটস ছাড়াও পর্যাপ্ত প্রোটিনের জন্য সোয়াবিন খুবই প্রয়োজনীয়। এ ছাড়াও থাকছে লিনসিড। স্বাদ ও শরীরের প্রয়োজনে ঘোড়াদের জন্য বরাত দেওয়া হচ্ছে প্রায় ৬৭কুইন্টাল গুড়, প্রায় ১৭ কুইন্টাল করে সাধারণ নুন ও কালো বিট নুন, প্রায় ৬ কুইন্টাল চুনও। খাবারে মেশানোর জন্য সাড়ে পাঁচশো লিটার সোয়াবিন তেলেরও বরাত দেওয়া হচ্ছে। প্রত্যেকদিন তাদের জন্য প্রয়োজন কচি ঘাস। তাই খাবার সরবরাহকারীদের বলা হয়েছে বছরে প্রায় ৬৬৮ কুইন্টাল কচি ঘাস হিসাব করে প্রত্যেকদিন মাউন্টেড পুলিশের দপ্তরে পৌঁছতে। একইভাবে বছরে ১১২ কুইন্টাল তাজা গাজর ও ৬৭ কুইন্টাল পাকা পেঁপে হিসাব করে সরবরাহ করতে হবে। পুলিশ ঘোড়াদের জন্য দু'রকমের খড় লাগে। খাওয়ার ও থাকার। খাওয়ার জন্য যে খড়, তারও রকমারি আছে। পাহাড়ি ও সমতলের খড় আলাদাভাবে ঘোড়াদের মেনুতে যোগ করা হয়। এই দু'ধরনের খড় ঘোড়াদের জন্য প্রয়োজন ৬৬৮ কুইন্টাল করে। খাওয়া ছাড়া ঘোড়াদের বিছানার জন্যও খড় লাগে। সেই খড় পেতে দেওয়া হয়। এর জন্য বছরে খরচ হয় ১৭ লক্ষ টাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement