shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

অভিষেক, ডেরেকের পর সুমিত! ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাংসদের পিএ-কে নোটিস পুলিশের

অভিষেকের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে গন্ডগোলের ঘটনায় সুমিতের কী ভূমিকা ছিল তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
Published By: Jaba SenPosted: 08:33 PM Aug 30, 2026Updated: 08:47 PM Aug 30, 2026

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে গন্ডগোলের ঘটনায় এবার তলব করা হল অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে। রবিবার সন্ধ্যায় তাঁর নিউ আলিপুরের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। তাঁকে বুধবার থানায় তলব করা হয়েছে। অভিষেকের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে গন্ডগোলের ঘটনায় সুমিতের কী ভূমিকা ছিল তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

Advertisement

গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে বিলবোর্ড খোলা নিয়ে ‘ধুন্ধুমার’ পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় তিনটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এফআইআরে নাম রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন, অভিষেকের পিএ সুমিত রায়ের। শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে তাঁকে সমনের নোটিস দেয় শেক্সপিয়র থানার পুলিশ আধিকারিকরা। আজ, রবিবার সকালে প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে গিয়ে ডেরেককে সমনের নোটিস দেওয়া হয়। এরপর এদিনই সন্ধ্যায় সুমিতের নিউ আলিপুরের বাড়িতে গিয়ে নোটিস দেয় পুলিশ। জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটে পুলিশ ও পুরসভার আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সুমিতদের তলব করা হয়েছে। এদিন তিনি বাড়িতে না থাকায় তাঁর মায়ের হাতে নোটিসটি দিয়ে এসেছেন পুলিশকর্মীরা।

পুলিশ সূত্রে খবর, আগামী ৩১ আগস্ট ডেরেক ও'ব্রায়েনকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর বেলা ১২ টা নাগাদ অভিষেককে হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে, সুমিত রায়কে বুধবার থানায় তলব করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যান পুরসভার আধিকারিকরা। দপ্তরে থাকা বেআইনি বিলবোর্ড খুলতে গেলে ওই অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় একপ্রস্থ। অভিযোগ, অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধর করা হয়। এমনকী মহিলা পুলিশ কর্মীদের শ্লীলতাহানি চেষ্টার মামলাও রুজু হয়েছে। অশান্তির ঘটনায় শুরু হয় ধরপাকড়। এখনও পর্যন্ত এই ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তলব করা হয় অভিষেক, ডেরেক ও অভিষেকের পিএ সুমিতকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement