রাজ্যের তৃণমূল নেতা- প্রাক্তন মন্ত্রীরা ডিম হামলার শিকার। বাদ যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরাও। এই পরিস্থিতিতে বুধবার সকালের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ভোলবদল। বাড়ির সামনে উঠোনে বসানো হয়েছে 'ভিউ কাটার'। প্রশ্ন উঠছে, ডিম হামলা থেকে বাঁচতে কি এই সিদ্ধান্ত? এদিকে, এদিন রাতেই মমতার বাড়ির সামনে থেকে ২০ জন নিরাপত্তারক্ষী লালবাজারের তরফে সরিয়ে নেওয়া হয়েছে। সবমিলিয়ে কালীঘাটে যে টানটান উত্তেজনা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন রাতে এক ভিডিও বার্তায় দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। কালীঘাটের বাড়ি থেকে ২০ জন নিরাপত্তারক্ষীকে প্রত্যাহার করেছে লালবাজার। ৩ জনকে নিরাপত্তার দায়িত্বে পাঠানো হয়। তবে তাঁরা একেবারে অপরিচিত বলে, বাড়িতে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়নি। সুতরাং, বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন সম্পূর্ণ নিরাপত্তাহীন। তার ফলে স্বাভাবিকভাবেই কোনও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করেছেন ডেরেক। বাংলায় 'প্রতিহিংসাপরায়ণ রাজনীতি' করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
আরেক সাংসদ সাগরিকা ঘোষও এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। কেন দীর্ঘদিনের কর্মীদের প্রত্যাহার করা হল, কেনই বা গভীর রাতে মমতাকে নিরাপত্তাহীন করে দেওয়া হল, সে প্রশ্ন তোলেন তিনি।
একসময় হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মমতার বাড়ির সামনে নিরাপত্তারক্ষীর ভিড় থাকত। সেই বাড়িই আজ নিরাপত্তাবিহীন। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ি থেকেও নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতে কালীঘাটের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন কর্মী-সমর্থকরা।
