দীপংকর মণ্ডল: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। জোড়া দায়িত্ব সামলাতে গিয়ে হিমশিম অবস্থা। শেষপর্যন্ত, রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অধ্যাপক সুবীরেশ ভট্টাচার্য। স্কুল সার্ভিস কমিশনের নয়া চেয়ারম্যান বেহালা কলেজের অধ্যক্ষা শর্মিলা মিত্র। গত কয়েকমাস ধরে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।
[মাদার টেরিজাকে অসম্মান করতেই টার্গেটে সংস্থা, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মমতা]
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের ফকিরচাঁদ কলেজে অধ্যক্ষ ছিলেন অধ্যাপক সুবীরেশ ভট্টাচার্য। বছর চারেক আগে লিয়েনে তাঁকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করে রাজ্য সরকার। তখন শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু। সম্প্রতি আবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারে বসিয়েছে রাজ্য সরকার। ফলে যা হওয়ার, তাই-ই হয়েছে। উপাচার্যের দায়িত্ব সামলে স্কুল সার্ভিস কমিশনের কাজে সময় দিতে পারছিলেন না অধ্যাপক সুবীরেশ ভট্টাচার্য। পরিস্থিতি এমনই ছিল, মে মাসে স্কুল সার্ভিস কমিশনের অস্থায়ী চেয়ারম্যান মনোনীত হন বেহালা কলেজের অধ্যক্ষা শর্মিলা মিত্র। জুন মাস পর্যন্ত দায়িত্ব সামলেছেন তিনি। শেষপর্যন্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুবীরেশ ভট্টাচার্য। স্থায়ী চেয়ারম্যান হলেন বেহালা কলেজের অধ্যক্ষা। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বদল সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছে স্কুলশিক্ষা দপ্তর।
ঘটনাচক্রে আবার বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক স্তরে ৭৩ হাজার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। ২০১৬ সালে ৭৩ হাজার ৫৬৩ জন শিক্ষক নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষা হলেও, সফল কর্মপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়নি। আগামী ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু, নিয়োগের বেনিয়মের অভিযোগে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাই কোর্টে। সেই মামলায় কাউন্সেলিং স্থগিত রাখার নির্দেশ দিল আদালত।
[মোদির ভিডিও কনফারেন্স ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ধুন্ধুমার ভবানীপুরে]
The post স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়লেন অধ্যাপক সুবীরেশ ভট্টাচার্য appeared first on Sangbad Pratidin.
