shono
Advertisement
Swarup Biswas

বিশ্বাস নয়, যেন বন্ড! স্বরূপের চশমায় ক্যামেরা, আদালতে উঠল বিস্ফোরক অভিযোগ

আপাতত তদন্তকারীদের ভাবাচ্ছে স্বরূপের চশমার ক্যামেরা। এই ক্যামেরা কী কারণে ব্যবহার করতেন স্বরূপ, কী উদ্দেশ্য ছিল তাঁর, সে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেই খবর।
Published By: Sayani SenPosted: 08:35 PM Jun 19, 2026Updated: 08:40 PM Jun 19, 2026

বিশ্বাস নাকি জেমস বন্ড, ধরতে পারবেন না! ব্রিটিশ গোয়েন্দা চরিত্রের সঙ্গেই নাকি মিল পাওয়া গিয়েছে জেলবন্দি স্বরূপ বিশ্বাসের। ভ্রূ কোঁচকাচ্ছেন? ভাবছেন ঠিক পড়লেন কিনা? একেবারেই ঠিক পড়েছেন। আদালতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবার উঠল বিস্ফোরক অভিযোগ। তাঁর চশমাতেই নাকি চমক। অভিযোগ, একদা টলিপাড়ার ক্ষমতার অলিন্দে থাকা স্বরূপের চশমায় নাকি ক্যামেরা লাগানো ছিল। কী ক্যামেরাবন্দি করতেন স্বরূপ, স্বাভাবিকভাবেই তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। 

Advertisement

একসময় টলিপাড়ায় ক্ষমতার অলিন্দে ছিলেন স্বরূপ বিশ্বাস। স্টুডিওপাড়া নাকি চলত তাঁর অঙ্গুলিহেলনে! বিনোদুনিয়া কিংবা রাজনৈতিক মহলের তেমন কর্তাব্যক্তি না হওয়া সত্ত্বেও যেন তিনিই ছিলেন টালিগঞ্জের সর্বেসর্বা। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা হয়েছিল ঠিকই। তবে মুখ খোলার সাহস পেতেন না কেউ। রাজ্য সরকারের পালাবদলের পর বদলে গিয়েছে ছবি। টলিপাড়ায় 'ঘুঘুর বাসা' ধুয়েমুছে সাফ। 'বিশ্বাস ব্রাদার্সে'র সাম্রাজ্য ভেঙে খান খান। গত ৪ জুন, তোলবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হন স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও উঠেছে। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছেন তিনি।

তার মাঝে গত ১৪ জুন, এক মহিলা নিউ আলিপুর থানায় তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও যৌন হয়রানির অভিযোগ ওঠে। মহিলার দাবি, নিউ আলিপুরে স্ট্রিটফুড কার্ট চালুর করার জন্য ৮০ লক্ষ টাকা দাবি করেন স্বরূপ। সুরুচি সংঘের দুর্গাপুজোর জন্য ৫০-৬০ হাজার টাকা চাঁদাও চাওয়া হয়। পরবর্তীতে তাঁকে সুরুচি সংঘের ক্লাবে 'একা দেখা করা'র প্রস্তাব দেয় বলেও দাবি মহিলার। বলে রাখা ভালো, সুরুচির ওই ক্লাবঘর যেন ফাইভ স্টার হোটেলের মতো। কিংসাইজ বিছানা থেকে এসি - কী ছিল না সেখানে! সম্প্রতি ওই ক্লাবঘরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। 

এদিকে, আবার রিজেন্ট পার্ক থানার তোলাবাজি মামলায় স্বরূপকে 'শোন অ্যারেস্ট' দেখানো হয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেও ওঠে বিস্ফোরক অভিযোগ। অরূপের চশমায় ক্যামেরা থাকার চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। এক অভিযোগকারিণীর দাবি, মহিলাদের প্রলোভন দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন স্বরূপ বিশ্বাস। একজন মন্ত্রীর ভাই হিসাবে স্বরূপ প্রভাব খাটাতেন বলেই অভিযোগ। অভিনেতা, অভিনেত্রী-সহ টালিগঞ্জের কলাকুশলী সকলেই আতঙ্কে থাকতেন বলেই দাবি মহিলার। আপাতত তদন্তকারীদের ভাবাচ্ছে স্বরূপের চশমার ক্যামেরা। এই ক্যামেরা কী কারণে ব্যবহার করতেন স্বরূপ, কী উদ্দেশ্য ছিল তাঁর, সে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেই খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement