অর্ণব আইচ: কুন্তল ঘোষের আয়ের উৎস জানাতে হবে তাঁকেই। অথচ বিপুল পরিমাণ টাকা ও সম্পত্তির উৎস সম্পর্কে কোনও সঠিক ব্যাখ্যাই কুন্তল দিতে পারেনি বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শনিবার ব্যাঙ্কশালের বিশেষ ইডি আদালতে নিয়োগ দুর্নীতির অভিযুক্ত কুন্তল ঘোষের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। জামিনের বিরোধিতা করেন ইডি’র আইনজীবী ফিরোজ এডুলজি, ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ ভদ্র।
শনিবার কুন্তলকে ভারচুয়ালি আদালতে পেশ করা হয়। দু’পক্ষের বক্তব্য শুনে কুন্তলের জামিনের আবেদন খারিজ করেন বিচারক। ফলে ১১ আগস্ট পর্যন্তই জেল হেফাজতে থাকতে হবে কুন্তলকে। এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আংটি কাণ্ডের তদন্তের অগ্রগতির বিষয়ে এডিজি (কারা)-র তরফে রিপোর্ট পেশ হয়। আদালতে আবেদনে কুন্তল ঘোষের আইনজীবী জানান, তল্লাশিতে কুন্তলের কাছ থেকে কিছু ওএমআর শিট ছাড়া কিছুই উদ্ধার হয়নি। তাঁর কাছ থেকে টাকা পাওয়া যায়নি। যে নথি উদ্ধার হয়, তার অধিকাংশই কুন্তলের নয়। তাঁর দু’টি ব্যাংক অ্যাকাউন্ট আটক করা হয়েছে। তাঁর অ্যাকাউন্ট থেকে যে এক কোটি টাকা উদ্ধার হয়েছে, তার তদন্ত আয়কর করতে পারে।
[আরও পড়ুন: ১০৬ দিনের মাথায় চার্জশিট সিট, কয়লা মাফিয়া রাজু ঝা খুনে অভিযুক্ত পাঁচ]
ইডি’র এই তদন্তের কোনও এক্তিয়ার নেই। অভিযোগপত্রের কপিও কুন্তল হাতে পাননি। এতদিন ধরে জেলে রয়েছেন কুন্তল। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণই মেলেনি। বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের আইনজীবী জানান, এই দুর্নীতি খুবই বড় আকারের। প্রাথমিক নিয়োগের এই দুর্নীতিতে বহু মানুষ জড়িত, যার তদন্ত চলছে।
কুন্তলের বিরুদ্ধে সিবিআইও চার্জশিট দাখিল করেছে। তাঁর কাছ থেকে এক কোটি বা ৬ কোটি টাকার নগদ অথবা সম্পত্তির উৎসের ব্যাপারে কুন্তল কোনও ব্যাখ্যা দিতে পারেননি। তাঁকে আয়ের উৎস জানাতে হবে। বিচারক মন্তব্য করে জানান, বড় মাফিয়ারা যদি কোটি কোটি টাকা তাদের সঙ্গে রাখে, সেই তদন্ত কি শুধু আয়কর দপ্তর করবে? সে বিষয়ে নিশ্চুপ বহিষ্কৃত যুব তৃণমূল নেতা।
