আকাশনীল ভট্টাচার্য ব্যারাকপুর: অনূর্ধ্ব ১৮ এক ফুটবলারকে বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠল গৃহকর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার ব্যানার্জি পাড়া এলাকায়।
(এবার কলেজেই করতে পারবেন পিএইচডি)
কলকাতার প্রথম শ্রেণির ফুটবল ক্লাবের মিডফিল্ডার প্রীতম রায়চৌধুরীকে সংকটজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। যদিও ঘটনায় অভিযুক্ত প্রৌঢ় অরুণ পালকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে খেলার সময় প্রীতম ও তার সঙ্গীদের বল অরুণ পালের বাড়ির দোতলার ছাদে উঠে যায়। সেই বল ছাদ থেকে আনতে যায় প্রীতমই। অভিযোগ, বাড়ির মালিক দেখতে পেয়ে রেগে গিয়ে প্রীতমকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেন। ঘটনায় প্রীতমের হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। সংকটজনক অবস্থায় প্রথমে তাকে কল্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।
(পণের জন্য অন্তঃসত্ত্বাকে খুন, স্বামী-সহ গ্রেপ্তার ৪)
ইতিমধ্যেই প্রীতমের বাবা বিশ্বনাথ রায়চৌধুরী নৈহাটি থানায় অরুণ পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ফুটবলার হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে প্রীতমের। এই ঘটনায় ফুটবলার প্রীতমের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবার। এদিকে অভিযোগ দায়ের করা সত্বেও অরুণ পালকে গ্রেপ্তার করা না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে।
The post ফুটবলারকে ছাদ থেকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল প্রৌঢ়ের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.
