shono
Advertisement

নারকেলডাঙায় পরপর সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে জখম এক কিশোর-সহ অন্তত ৩

রাতের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য।
Posted: 08:56 AM Feb 13, 2022Updated: 09:03 AM Feb 13, 2022

গোবিন্দ রায়: বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। রাতের শহরে নারকেলডাঙা (Narkeldanga) নর্থ রোডের একটি দোতলা বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনায় জখম এক কিশোর-সহ অন্তত তিনজন। স্থানীয় হাসপাতালে ভরতি প্রায় সকলেই। 

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তাঁদের অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন (Fire) লাগে। তাঁরাই প্রথমে ঘর থেকে বেরিয়ে আগুন দেখতে পান। ঘড়ির কাঁটায় তখন আনুমানিক রাত ১০টা ৪০। খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল আগুনের কাছে পৌঁছতে বেশ কিছু সময় লেগে যায়। ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে  পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি।

[আরও পড়ুন: সময় দেন না পরিবারে, খুন করে ব্যক্তির দেহ ৮ তলা থেকে ছুঁড়ে ফেলল স্ত্রী ও ছেলে]

অগ্নিকাণ্ডে মোট ৩জন জখম হয়েছেন। আহতদের মধ্যে বারো বছর বয়সি এক কিশোর, পঁচিশ বছরের এক যুবকও রয়েছেন। ওই যুবক আতঙ্কে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন। তাঁরা প্রত্যেকেই ভরতি হাসপাতালে। সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লাগে নাকি অন্য কোনও কারণে আগুন লাগার পর গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। 

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই কৈখালি কারখানায় আগুন লেগে যায়। মৃত্যু হয় নিরাপত্তারক্ষীর। গত মাসের শেষের দিকে সিঁথিতে একটি বাড়িতে আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। প্রাণ যায় সাতটি কুকুরছানা। আগুন নেভার পর মরিয়া হয়ে সন্তানদের খোঁজ শুরু করে মা সারমেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে নেতাজি নগরেও একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ি থেকে বেরতে না পেরে আগুনে ঝলসে মৃত্যু হয় বৃদ্ধার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে নারকেলডাঙায় অগ্নিকাণ্ড। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। রাতের ঘুমও উড়েছে প্রায় সকলের।

[আরও পড়ুন: ৮ মাস বয়সে হয়েছিল ঋতুস্রাব, ৫ বছরে জন্ম দেয় সন্তানের, চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় লিনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement