shono
Advertisement
Kolkata Tram

ট্রামে চেপে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর! যানজট এড়িয়েই পাতা হবে লাইন, উপায় বাতলালেন পরিবহণমন্ত্রী

যানজট রুখতে বিশেষ পদক্ষেপের কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
Published By: Jaba SenPosted: 06:06 PM Jul 01, 2026Updated: 06:32 PM Jul 01, 2026

শহরের দুই মন্দিরের মধ্যে এবার চলবে ট্রাম। কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যানজট রুখতে বিশেষ পদক্ষেপের কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি জানান, রাস্তার মাঝখান দিয়ে নয়, বাঁদিক দিয়ে ট্রাম চলবে। নতুন করে লাইন পাতা হবে। নতুন এসি ট্রাম চলবে কলকাতায়।

Advertisement

আজ পার্ক স্ট্রিটের একটি হোটেলে বণিকসভার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ট্রাম নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানান অর্জুন সিং। তিনি জানান, দক্ষিণেশ্বর ও কালীঘাটের মধ্যে ট্রাম পরিষেবা চালু হবে। দুটি ধর্মীয় স্থানকে জুড়বে এই ট্রামলাইন। এর ফলে দর্শনার্থীদের সুবিধা হবে। এছাড়াও নিউটাউন ও সল্টলেকেও ট্রাম চালানো হবে বলে জানান অর্জুন। রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়নে বাসের সংখ্যাও বাড়াতে চলেছে সরকার। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে নতুন ৪৭০টি সরকারি বাস আসবে। পুরনো বাসের পাশাপাশি নতুন বাসগুলিও চলবে। রাজ্যে ক্ষমতায় আসার পর সংকল্প পূরণ করে মহিলাদের সরকারি বাসে যাত্রা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এরপর থেকে রাস্তায় সরকারি বাসের সংখ্যা বৃদ্ধির দাবি উঠেছিল। এই আবহেই সরকারি বাস বাড়ানোর কথা জানালেন অর্জুন।

কলকাতার রাস্তায় ফের স্বমহিমায় ট্রাম চালাতে তৎপরতা শুরু করেছে বিজেপি সরকার। ১৫০ বছরের পুরনো ট্রামের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পরিকল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই কলকাতায় ট্রাম পরিষেবা পুনরুজ্জীবিত করতে রাইটস (আরআইটিইস)-কে সার্ভে করার দায়িত্ব দিয়েছে রাজ্য। আজ থেকে সেই সার্ভের কাজ শুরু হয়েছে। সল্টলেক, নিউটাউন এবং রাজারহাটেও ট্রাম চালানোর চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য। শহরের দুই ধর্মীয় স্থানকে ট্রামলাইনের মাধ্যমে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রামের কারণে রাস্তায় যানজট হয় বলে দাবি অনেকের। সেই সমস্যা মেটাতে রাস্তার বাঁদিক দিয়ে ট্রাম চালানো হবে। শীঘ্রই নতুন লাইন পাতার কাজ শুরু হবে বলে জানিয়েছেন অর্জুন সিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement