shono
Advertisement
Vidyasagar Bridge

বন্ধ নয়, রবিবার খোলাই থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া বিজ্ঞপ্তি ট্রাফিক পুলিশের

শুক্রবার সকালেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।
Published By: Sucheta SenguptaPosted: 12:22 AM May 16, 2026Updated: 12:23 AM May 16, 2026

বিদ্যাসাগর সেতু দিনভর বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল ট্রাফিক পুলিশ। রবিবার ১৬ ঘণ্টা বন্ধ নয়, সারাদিন খোলাই থাকবে কলকাতা-হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু। শুক্রবার রাতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ডিসিপি নতুন বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন। এই মর্মে সংশ্লিষ্ট সবপক্ষকে নতুন করে নোটিস পাঠানো হয়েছে, তাও উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য কোথাও যাতে সমন্বয়ের কোনও অভাব না হয়, তা নিশ্চিত করেছে ট্রাফিক কর্তৃপক্ষ।

Advertisement

শুক্রবার সকালে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দার পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রবিবার অর্থাৎ ১৭ মে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু। সেতুর কেবল বদল ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ চলবে, তাই যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। এই ১৬ ঘণ্টা সেতু বন্ধ থাকলেও ঘুরপথে কীভাবে যান চলাচল হবে, সেই রুটও বলে দেওয়া হয়। যেমন, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়িগুলি সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড ব্যবহার করতে পারবে। খিদিরপুর হয়ে আসা গুলিকেও ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলি ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেট হয়ে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যেতে পারবে।

কিন্তু রাতেই এই বিজ্ঞপ্তি তুলে নিয়ে নয়া নোটিস জারি করা হল ট্রাফিক পুলিশের তরফে। তাতে জানানো হয়েছে, রবিবার বিদ্যাসাগর সেতু ১৬ ঘণ্টা বন্ধের সিদ্ধান্ত বদল করা হয়েছে। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু দিয়ে সবরকম যান চলাচল হবে, কোনও বাধা নেই। ওইদিন কাজের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল, সেই কাজও হবে না। নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সেতুর দায়িত্বে থাকা এইচআরবিসি কর্তৃপক্ষকেও। ফলে ওইদিন বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াতে কারও কোনও সমস্যা হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement