shono
Advertisement
Bidyut Prahari App

বিদ্যুৎ চুরি রুখতে প্রযুক্তিই হাতিয়ার শুভেন্দুর সরকারের, চালু 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, নিয়োগে নয়া নিয়ম

ফ্যাক্টরিগুলোতে বকেয়া বিলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি, সাফ নির্দেশ শুভেন্দুর।
Published By: Tiyasha SarkarPosted: 04:40 PM Jul 21, 2026Updated: 05:18 PM Jul 21, 2026

হুকিং বা বিদ্যুৎ চুরি বাংলার দীর্ঘদিনের সমস্যা। সেই সমস্যা মোকাবিলায় প্রযুক্তিকেই হাতিয়ার করল শুভেন্দুর সরকার। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে বিশেষ অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যার নাম 'বিদ্যুৎ প্রহরী' (Bidyut Prahari App)। ওই অ্যাপেই বিদ্যুৎ চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন নিমেষে। পাশাপাশি এদিন বিদ্যুৎ দপ্তরে নিয়োগ নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

প্রত্যন্ত গ্রামের দিকে এখনও বিদ্যুৎ চুরির ঘটনা ঘটে আকছাড়। অনেকক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরে অভিযোগও জমা পড়ে। কিন্তু তার কতটা সমাধান হয়, তার সে অর্থে কোনও তথ্য এতদিন মিলত না। সেই সব দিক মাথায় রেখেই 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ ভবন থেকে এই অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বলেন, "এই অ্যাপেই বিদ্যুৎ চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। দ্রুততার সঙ্গে তার সমাধান করা হবে। বিদ্যুৎ দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে আরও একাধিক কাজ করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে।" এরপরই তিনি বলেন, "বিদ্যুৎ চুরি জিরো করতে হবে। ফ্যাক্টরিগুলোতে বকেয়া বিলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। অনেক কমার্শিয়াল বিল্ডিংয়ে বিদ্যুৎ বিল পেন্ডিং রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মালিকরা নেতা ঘনিষ্ঠ। কিন্তু ওসবে হবে না। বকেয়া বিল আদায় করুন। নোটিস পাঠান। তবে ডোমেস্টিকের ক্ষেত্রে মানবিক হন। পাস্ট রেকর্ড দেখে সিদ্ধান্ত নিতে হবে।"

এদিনের অনুষ্ঠান থেকে বিদ্যুৎ দপ্তরের নিয়োগে কারচুপি নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, "নিয়োগের একটা নিয়ম থাকা উচিৎ। একজন মন্ত্রী যদি এসে যদি কাউকে বলে, আমার লোক দেখে নিতে, তাহলে দেখবে না এমন সাধ্য কার! কিন্তু আমি চাই না এভাবে নিয়োগ হোক। পড়াশোনা শেষ করে সকলকে সঠিক পথে চাকরি পেতে হবে।" এরপরই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, বিদ্যুৎ দপ্তরের নিয়োগও পাবলিক সার্ভিস কমিশনে দিয়ে দেওয়া হবে।

চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ?  অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন 'বিদ্যুৎ প্রহরী'। পেয়ে যাবেন অ্যাপটি। প্রথমে সেটি ইনস্টল করুন। অ্যাপটি খুললেই স্ক্রিনে ভেসে উঠবে বেশ কয়েকটি অপশন। ঠিক কী অভিযোগ, তা জানাতে পারবেন। পাশাপাশি অ্যাপেই অভিযোগের বর্তমান স্টেটাসও দেখতে পাবেন। জানা গিয়েছে, বিদ্যুৎ চুরি বা হুকিংয়ের অভিযোগকারীর নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা থাকবে। ২৪ ঘণ্টা অ্যাপে নজরদারি চালাবে কর্মীরা। ফলে অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু চুরি সংক্রান্ত অভিযোগই নয়, গ্রাহকরা বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত অন্যান্য সমস্যার কথা ও মতামত জানাতে পারবেন এই অ্যাপেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement