সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কুড়ি টাকা। এই সামান্য অর্থ নিজের কাকাকে দিতে পারেননি এক যুবক। এই অপরাধে তাঁকে খুন হয়ে যেতে হল। নৃশংসতার সাক্ষী রইলেন বারুইপুরের সীতাকুণ্ডুর বাসিন্দারা।
[বিয়ে রুখতে ৪ কিমি হেঁটে থানায় অভিযোগ নাবালিকার]
মৃতের নাম শাহিদ আলি মণ্ডল। ৩৪ বছরের ওই যুবক সপ্তাহ খানেক আগে কাকা ইমান আলি মণ্ডলের থেকে ওই সামান্য টাকা ধার নিয়েছিলেন। ২০ টাকা ফেরত দেওয়ার জন্য তাকে বারবার তাগাদা দিতে থাকে কাকা। প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে সময়মতো টাকা দিতে না পারায় শনিবার কাকার সঙ্গে তুমুল বচসা হয় ভাইপোর। এমনকী এই নিয়ে দুই পরিবারে অশান্তি বাধে। অভিযোগ এরপর ১৪-১৫ জনকে নিয়ে গিয়ে শাহিদকে বাড়ি থেকে তুলে আনে কাকা ইমান আলি। বাড়ির কাছে ওই যুবককে লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারা হয়। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে প্রথম স্থানীয় বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে পাঠানো হয় কলকাতায়। সোমবার মারা যান শাহিদ। এই খবর ছড়িয়ে পড়তে সীতাকুণ্ডুর হরিরাজ মাস্টারপাড়া এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযুক্তর বাড়িতে চড়াও হয় মৃতের পরিবার। অবস্থা এতটাই খারাপ জায়গা ছিল যে ব়্যাফ নামাতে বাধ্য হয় প্রশাসন। ইমান আলি মণ্ডলের ফাঁসির দাবিতে সোচ্চার হন এলাকার বাসিন্দারা। হয় পথ অবরোধ। স্থানীয় বারুইপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়।
[মদের দোকান বন্ধ করতে ছবি এঁকে খুদেদের অভিনব প্রতিবাদ]
তবে মৃতের পরিবার এবং পরিজনরা এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন। তাদের বক্তব্য, পুলিশ অভিযুক্তদের না ধরে তাদের পরিবারকে নিরাপত্তা দিতে ব্যস্ত। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকাছাড়া। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুনের মামলা রুজু হয়েছে ধৃতদের বিরুদ্ধে। পারিপার্শ্বিক তথ্য জোগাড় করে অভিযুক্তদের গ্রেপ্তারে জাল পাতা হয়েছে। তবে মাত্র ২০ টাকার জন্য এমন নির্মম পরিনতি কোনওভাবে মানতে পারছেন না স্থানীয়রা।
The post মাত্র ২০ টাকার জন্য কাকার হাতে ‘খুন’ ভাইপো appeared first on Sangbad Pratidin.
