shono
Advertisement
Arindam Bhattacharya

২১-এ পতাকা ধরান মিঠুন, ছাব্বিশে সেই ফুটবলারকেই ফের ঘটা করে যোগদান করাল বিজেপি!

বঙ্গ বিজেপির কি এতই দৈনদশা যে নিজেদের দলের তারকাদেরই ফের যোগদান করাতে হচ্ছে? প্রশ্ন উঠতেই অরিন্দম বলছেন, "এটাই সরকারি যোগদান।"
Published By: Subhajit MandalPosted: 05:39 PM Mar 27, 2026Updated: 05:46 PM Mar 27, 2026

ফের ঘটা করে বিজেপিতে যোগদান করলেন জাতীয় দলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য! তাঁর হাতে বিজেপির পতাকা ধরালেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও দলের অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। প্রতিবেদনের শুরুতে 'ফের' শব্দটি বলা হল, কারণ এই ফুটবলারকে ২০২১ সালেও একইভাবে ঘটা করে দলে নিয়েছিল বিজেপি। সেবার তাঁর হাতে পতাকা তুলে দেন মিঠুন চক্রবর্তী ও অমিত মালব্য।

Advertisement

২০২১-এ অরিন্দমের যোগদান। ফাইল ছবি।

শনিবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে গেরুয়া পতাকা তুলে নেন অরিন্দম। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, "অনেক দিন ধরেই আমি বিজেপিতে আছি। যোগাযোগে আছি। অমিত শাহজির সঙ্গে দেখা করার পরে থেকেই আমি ছিলাম। এখন দল যেভাবে কাজে লাগাবে সেভাবেই কাজ করব।" সেই সঙ্গে তাঁর সংযোজন, "কলকাতা ময়দানের উন্নতি হলে ভালো লাগবে।"

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "অরিন্দম ১২ বছর ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তিনি পরিবর্তনের সাক্ষী হতে, তৃণমূল যেভাবে ক্রীড়া জগতকে কলুষিত করেছে, সেখান থেকে বার করে আনতে বিজেপিতে যোগ দিয়েছেন।" শমীক বিলক্ষণ বলেছেন, অরিন্দম জাতীয় দলের হয়ে ১২ বছর দাপিয়ে খেলেছেন। কলকাতার দুই প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলেছেন। আইএসএলেও মুম্বই, নর্থ ইস্ট, পুণে সিটি, ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। গত বছর ইন্টার কাশি দলের হয়ে আই লিগ চ্যাম্পিয়নও হয়েছেন। কিন্তু এ হেন দক্ষ গোলরক্ষক কি বিজেপিতে 'দ্বিতীয়বার' যোগ দিয়ে মস্ত ভুল করে ফেললেন না?

কারণ, ২০২১ বিধানসভা নির্বাচনের আগেও একই রকমভাবে ঘটা করে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। সেবার তাঁর হাতে পতাকা তুলে দেন মিঠুন চক্রবর্তী ও অমিত মালব্য। তারপর থেকে অন্য দলে যাওয়া বা রাজনৈতিকভাবে অন্য কোনও কর্মকাণ্ড করা, সেসব তিনি করেননি। সেদিক থেকে দেখতে গেলে তিনি বিজেপিতেই ছিলেন। তাহলে ফের সেই দলেই যোগ কেন? বঙ্গ বিজেপির কি এতই দৈনদশা যে নিজেদের দলের তারকাদেরই ফের যোগদান করাতে হচ্ছে? প্রশ্ন উঠতেই অরিন্দম বলছেন, "একুশে গিয়েছিলাম অমিত শাহজি ডেকেছিল তাই। কিন্তু সেসময় আমি খেলায় খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই রাজনীতিতে সময় দিতে পারিনি। কিন্তু এবার আমি অবসর নিয়েছি। সময় দিতে পারব। আমার মনে হয় এটাই সরকারি যোগদান।" এখন একটাই প্রশ্ন, এই 'সরকারি' যোগদানের পর কি টিকিট পাবেন অরিন্দম? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement