সোমবারই প্রকাশিত হচ্ছে অতিরিক্ত প্রথম তালিকা। সন্ধ্যা ছ'টার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অতিরিক্ত এই তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে খবর, রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৮ লক্ষ ৬ হাজার নিষ্পত্তি হয়েছে। আর সেই নামগুলিই প্রথম তালিকায় থাকবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। এরপর ধাপে ধাপে বাকি নামের তালিকা প্রকাশ করা হবে। আর তা প্রতি শুক্রবার করে প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের দাবি, আগামী ৬ এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোটের আগেই বিচারাধীন থাকা মোট ৬০ লক্ষ নামের সমাধানে চেষ্টা চলছে। কিন্তু কীভাবে দেখবেন প্রথম তালিকায় আপনার নাম রয়েছে কিনা?
কমিশন সূত্রে জানা গিয়েছে, যেভাবে গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, ঠিক সেভাবেই অতিরিক্ত এই তালিকা প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকায় অ্যাডিশন এবং ডিলিশন দুটি কলম থাকবে। অনলাইন এবং অফলাইনে ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা দেখতে পারবেন। অনলাইনে দেখার ক্ষেত্রে সোমবার সন্ধ্যার পরেই কমিশনের ওয়েবসাইটে তা দেখা যাবে। অন্যদিকে বুথ, বিডিও, এসডিও অফিস এবং জেলাশাসকের দপ্তরেও অতিরিক্ত এই নামের তালিকা ঝোলানো হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবারই জেলাশাসকের দপ্তর এবং বিএলওদের কাছে প্রকাশিত প্রথম নামের তালিকা পৌঁছে যাবে। এরপরেই তা ঝুলিয়ে দেওয়া হবে। সিইও দফতর সূত্রে খবর, সবটাই আইন মেনে হচ্ছে। এক্ষেত্রে বিতর্ক থাকার কথা নয়। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যাঁদের নাম বাদ পড়বে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে নাম তুলতে পারবেন বলেও কমিশন সূত্রে জানা গিয়েছে।
অনলাইন এবং অফলাইনে ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা দেখতে পারবেন। অনলাইনে দেখার ক্ষেত্রে সোমবার সন্ধ্যার পরেই কমিশনের ওয়েবসাইটে তা দেখা যাবে। অন্যদিকে বুথ, বিডিও, এসডিও অফিস এবং জেলাশাসকের দপ্তরেও অতিরিক্ত এই নামের তালিকা ঝোলানো হবে।
অন্যদিকে অতিরিক্ত তালিকা প্রকাশের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই তৎপর নির্বাচন কমিশন। আজ রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। যেখানে আইনশৃঙ্খলা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কোথায় কত বাহিনী মোতায়েন হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা এই বৈঠকে হয়েছে বলে খবর।
অন্যদিকে সতর্ক নবান্নও। ইতিমধ্যেই রাজ্যের তরফে সমস্ত জেলাশাসকদের সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে। যেখানে নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর স্পষ্ট জানিয়েছে, আগামী ২৩ মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি এবং আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয়, তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে সব জেলার জেলাশাসকদের। পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্যবস্থার কথাও বলা হয়েছে চিঠিতে। এছাড়াও পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বিষয়টি জানিয়ে সমন্বয় রেখে কাজ করার কথাও উল্লেখ করা হয়েছে।
