shono
Advertisement
SIR in West Bengal

সোমেই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, নাম না থাকলে আবেদন জানান নয়া ট্রাইব্যুনালে

রাজ্যের ২৩ জেলার মোট ১৯ জন বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল গড়ে দিল কমিশন। এখন থেকে সমস্ত আবেদনের নিষ্পত্তি হওয়া পর্যন্ত কাজ করবে এই ট্রাইব্যুনাল।
Published By: Sucheta SenguptaPosted: 11:33 PM Mar 20, 2026Updated: 11:42 PM Mar 20, 2026

আর অপেক্ষা নয়। আগামী সোমবার, ২৩ মার্চ এসআইআরে বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির পর প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তার ঠিক একমাস পর, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। আগামী সপ্তাহের শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশের সম্ভাবনাও রয়েছে। প্রতি শুক্রবারই এভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ হতে পারে বলে ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের।

Advertisement

কমিশন সূত্রে খবর, বিচারাধীন কমবেশি ৬০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যে ২৭ লক্ষ ২৩ হাজার জনের নাম নিষ্পত্তি করা হয়েছে। তাঁদেরই নাম অতিরিক্ত ভোটার তালিকা হিসেবে প্রকাশিত হবে। এছাড়া আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। অতিরিক্ত ভোটার তালিকায় নাম না থাকলে আবেদনের জন্য নতুন একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেখানে আবেদন জানানো যাবে। সেই আবেদন খতিয়ে দেখবেন বিচারপতিরা।

অনলাইন, অফলাইন - দু'টি উপায়েই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন যে কেউ। ECI NET মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে।

সূত্রের খবর, ২৩ জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ ১৯ জন বিচারপতি। কারও নাম যদি অতিরিক্ত ভোটার তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে এই ট্রাইব্যুনালে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেই এই আবেদন করা যাবে। জানা গিয়েছে -

  • অনলাইন, অফলাইন - দু'টি উপায়েই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন যে কেউ।
  • ECI NET মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে।
  • এছাড়া জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে।
  • এই ট্রাইব্যুনাল এখন থেকেই কাজ শুরু করতে পারবে।

সমস্ত আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইব্যুনাল আর থাকবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement