shono
Advertisement

Breaking News

WB Assembly Election 2026

নববর্ষে 'নবজাগরণে'র ডাক, ভোটের আগে মা কালীকে স্মরণ মোদির

'বিকশিত পশ্চিমবঙ্গ' গড়ে তুলতে রাজ্যবাসীর সাহায্য চান তিনি।
Published By: Jaba SenPosted: 01:24 PM Apr 15, 2026Updated: 02:17 PM Apr 15, 2026

পশ্চিমবঙ্গে ভোটের (WB Assembly Election 2026) আগে ফের মা কালীকে স্মরণ করে রাজ্যবাসীর উদ্দেশে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই চিঠিতে নববর্ষের দিনে নবজাগরণের সংকল্প করার ডাক দেন তিনি। 'বিকশিত পশ্চিমবঙ্গ' গড়ে তুলতে রাজ্যবাসীর সাহায্য চান তিনি। পাশাপাশি এই চিঠিতে ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গবাসীর অপশাসন, বিশৃঙ্খলা ও দুর্নীতির বিরুদ্ধে সরব হন মোদি।

Advertisement

বুধবার সকালেই এক্স হ্যান্ডলে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি (PM Modi)। এই শুভেচ্ছাবার্তায় বাংলার সংস্কৃতিকে কুর্নিশ জানান তিনি। এরপর পশ্চিমবঙ্গবাসীর জন্য তাঁর লেখা একটি খোলা চিঠি প্রকাশ্যে আসে। সেই চিঠিতে তিনি বাংলায় লিখেছেন, "পশ্চিমবঙ্গ সর্বদা দেশকে তথা আমাদের সমাজকে এক নতুন দিশা দেখিয়েছে। আজ এই শুভ নববর্ষের দিনে আসুন আমরা সবাই মিলে নবজাগরণের সংকল্প গ্রহণ করি, আমরা 'বিকশিত পশ্চিমবঙ্গ' গড়ে তুলব, যেখানে প্রত্যেক গরিব মানুষের মাথার ওপরে ছাদ থাকবে, সবার পাতে ভাত থাকবে, মহিলারা নির্ভয়ে ও নিরাপদে বাড়ির বাইরে বের হতে পারবে। যুবসমাজকে কাজের খোঁজে নিজের ঘর ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না।"

মোদির দাবি, বিগত ১৫ বছর ধরে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের সংস্কৃতির উপর চরম আঘাত হেনেছে। বাংলায় ভয়ের পরিবেশ তৈরি করেছে। তিনি জানান, পশ্চিমবঙ্গবাসীর দুঃখ ও বেদনা দেখে তাঁর মন ব্যথিত ও ভারাক্রান্ত হয়ে ওঠে। মহিলাদের নিরাপত্তা, যুবসমাজের কর্মসংস্থান ও গরিব মানুষের অধিকার নিয়েও সওয়াল করেন তিনি। রাজ্যে বিজেপি সরকার এলে দেশের সঙ্গে বাংলায়ও উন্নয়ন হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি জানান, এই নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচন নয়, এই নির্বাচন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নির্বাচন রাজ্যে পরিবর্তন আনার একটি সুবর্ণ সুযোগ। তাই এই নির্বাচনে যাতে মানুষ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন সেই আর্জি জানিয়েছেন মোদি। তিনি লেখেন, "এবার আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার রক্ষার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করার সময় এসেছে।" ফের একবার ভয় বনাম ভরসার লড়াই হবে বলে জানান তিনি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল পথ প্রশস্ত করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দৃঢ় বিশ্বাস, পশ্চিমবঙ্গের মানুষ এবার বিজেপির উপর ভরসা রাখবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement