shono
Advertisement

Breaking News

West Bengal Assembly Election

মহিলাদের প্রভাবিত করতে টাকা বিলি, আধার তথ্যও হাতাচ্ছে বিজেপি! বিস্ফোরক তৃণমূল প্রার্থী

অজিত মাহাতোর অভিযোগ, “অন্নপূর্ণা যোজনার নামে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। বাস্তবে কোনও সরকারি প্রকল্প নয়, ভোটের আগে প্রভাব খাটাতেই এই প্রলোভন।”
Published By: Kousik SinhaPosted: 09:37 PM Apr 15, 2026Updated: 09:37 PM Apr 15, 2026

ভোটের মুখে গোপীবল্লভপুরে টাকা বিলি করে ভোটার প্রভাবিত করার অভিযোগ! এহেন অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো। এই সংক্রান্ত একটি ভিডিও বুধবার প্রকাশ করেছেন তিনি। আর ওই ভিডিও ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Advertisement

আজ, বুধবার লোধাশুলি দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো। সেখানে তাঁর আরও দাবি, ভোটের আগে বিজেপি নেতারা মহিলাদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হচ্ছে, পাশাপাশি সংগ্রহ করা হচ্ছে আধার ও ভোটার কার্ডের তথ্য।
অজিত মাহাতোর অভিযোগ, “অন্নপূর্ণা যোজনার নামে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। বাস্তবে কোনও সরকারি প্রকল্প নয়, ভোটের আগে প্রভাব খাটাতেই এই প্রলোভন।” তাঁর দাবি, লোধাশুলি অঞ্চলের একটি বাড়িতে কয়েকশো মহিলা আধার কার্ড হাতে নিয়ে জড়ো হয়েছিলেন এবং সেখানেই বিজেপি নেতাদের উপস্থিতিতে টাকা বিলি করা হয়। যদিও বিষয়টি জানতে পেরে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল, তবে তাঁরা পৌঁছনোর আগেই অভিযুক্তরা সরে পড়ে বলে অভিযোগ।

তৃণমূল প্রার্থীর কথায়, “বিজেপি বুঝে গিয়েছে জঙ্গলমহলের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই এখন টাকা দিয়ে ভোট কেনার মরিয়া চেষ্টা চলছে। কিন্তু এই মাটির মানুষ টাকার কাছে মাথা নোয়ায় না।” তিনি আরও অভিযোগ করেন, বাইরের রাজ্য থেকে লোক এনে এলাকায় ঘোরানো হচ্ছে এবং প্রশাসন সেই বিষয়ে যথেষ্ট সক্রিয় নয়। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, “এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। তৃণমূল পরাজয়ের ভয়ে বিভ্রান্তি ছড়াতে মিথ্যা ভিডিও দেখাচ্ছে। মানুষ এসব বিশ্বাস করবে না, ভোটেই তার জবাব দেবে।” অজিত মাহাতো জানিয়েছেন, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে। একই সঙ্গে দলীয় কর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement