প্রথমবার বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি। ঐতিহাসিক জয় পেয়েছে গেরুয়া শিবির। সেই বিষয়টিকে বাংলার শিল্পক্ষেত্রের পক্ষে বেশ আশাপ্রদ বলে মনে করছেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। তাঁর মতে, সাম্প্রতিক অতীতে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটায় তাঁর রাগ হত। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে বাংলায় বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে বলে মনে করছেন বিশিষ্ট শিল্পপতি।
তৃণমূল ক্ষমতায় থাকাকালীন শিল্প এবং বিনিয়োগ আনতে বেশ কয়েকবার বিদেশ সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজনেস কনক্লেভ হয়েছে। কিন্তু এতকিছু করেও শিল্প বা বিনিয়োগের ক্ষেত্রে বাংলার উন্নতি হয়নি বলেই মনে করছেন শিল্পপতি তথা মোহনবাগান ফুটবল ক্লাবের অন্যতম কর্তা সঞ্জীব গোয়েঙ্কা। বাংলায় বিজেপি সরকার গঠনের খবর পেয়ে তিনি খুশি। বলছেন, গেরুয়া শিবির সরকার গড়লে বাংলায় বিনিয়োগ করতে ভরসা পাবেন বিনিয়োগকারীরা।
আরপিএসজি কর্তার কথায়, "গত কয়েকবছরে কলকাতা এবং বাংলার পরিস্থিতি যেমন হয়ে দাঁড়িয়েছে তাতে আমি খুবই অসন্তুষ্ট। সেটা বদলানো দরকার। ওই বদলের জন্য ছোট্ট হলেও আমি কিছুটা অবদান রাখতে চাই। নতুন যে সরকার আসছে তার থেকে আমার অনেক আশা। বাংলা নিয়ে শিল্পমহলের মধ্যে ভরসা ফেরাতে পারে এই সরকার। আমরা চাই মানুষ এখানে এসে বিনিয়োগ করুন, শান্তিতে থাকুন। সেটার জন্য সুদৃঢ় নীতি নির্ধারণ করা চাই।"
নাম না করে তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে সঞ্জীব (Sanjiv Goenka) বলছেন, "প্রথমে ঘোষণা করে তারপর সেই নীতি প্রত্যাহার করে নেওয়া হল-সেটা চলতে পারে না।" উল্লেখ্য, শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলার ২০৬টি আসন যেতে চলেছে বিজেপির ঝুলিতে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করবে গেরুয়া শিবির। সেটা বাংলার পক্ষে ইতিবাচক বলেই মনে করছেন গোয়েঙ্কা। জানা যাচ্ছে, আগামী ২৫ বৈশাখ অর্থাৎ ৯ মে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হতে পারে রাজভবনে। সমস্ত জয়ী বিধায়কদের জরুরি বৈঠকে তলব করা হয়েছে।
