shono
Advertisement
West Bengal Exit Poll 2026

বিখ্যাত সংস্থার নামে ছড়াচ্ছে ভুয়ো সমীক্ষা? বাংলা-সহ চার রাজ্যের এক্সিট পোল নিয়ে বিতর্ক

একের পর এক বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে এসেছে। অধিকাংশ এক্সিট পোলে স্পষ্ট কোনও ইঙ্গিত মিলছে না। তবে খানিকটা এগিয়ে রাখা হয়েছে গেরুয়া শিবিরকেই।
Published By: Anwesha AdhikaryPosted: 10:02 AM Apr 30, 2026Updated: 01:55 PM Apr 30, 2026

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন? নাকি পালটে যাবে বাংলার সরকার? উত্তর মিলবে ৪ মে ভোটগণনার পর। কিন্তু বুধবার বাংলায় দ্বিতীয় দফায় ভোট শেষ হওয়ার পর থেকেই একের পর এক সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়েছে এক্সিট পোল (West Bengal Exit Poll 2026)। কিন্তু সেখানেও কি লুকিয়ে রয়েছে কারচুপি? ভুয়ো সমীক্ষা ছড়িয়ে পড়ছে সর্বত্র? সেই জল্পনাই উসকে গেল বিখ্যাত সমীক্ষাকারী সংস্থা টুডেজ চাণক্যর একটি টুইটে।

Advertisement

বুধবার সন্ধের পর থেকে একের পর এক বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে এসেছে। অধিকাংশ এক্সিট পোলে স্পষ্ট কোনও ইঙ্গিত মিলছে না। তবে খানিকটা এগিয়ে রাখা হয়েছে গেরুয়া শিবিরকেই। পি-মার্ক, ম্যাট্রিজ, চাণক্য স্ট্র্যাটেজির মতো একাধিক সমীক্ষায় দাবি করা হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি। খুব কম ব্যবধানে বিরোধী আসনে বসতে পারে তৃণমূল, এমনটাই দাবি করেছে এক্সিট পোলগুলি। তবে পিপলস পালস, জনমতের সমীক্ষায় বলা হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবার সরকার গড়বে তৃণমূলই। যাবতীয় এক্সিট পোল ঘিরে নেটদুনিয়ায় চলছে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে চর্চা।

এক্সিট পোলের আরেক বিশ্বাসযোগ্য সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়া অন্য রাজ্যের নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করলেও বাংলা নিয়ে কিছুই বলেনি। বৃহস্পতিবার তারা বাংলার সমীক্ষা প্রকাশ করতে পারে। যদিও এই ধরনের বুথ ফেরত সমীক্ষাগুলি সবসময় যে নিখুঁত হয়, তেমন নয়।

তার মধ্যেই অবশ্য বিতর্ক দানা বেঁধেছে টুডেজ চাণক্যর একটি টুইটে। বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই সংস্থাটিকে বিশ্বাসযোগ্য মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু বুধবার এই সংস্থার নাম করে বেশ কিছু সমীক্ষা ছড়িয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে চাণক্যের তরফ থেকে জানানো হয়, সংস্থাটি কোনও সমীক্ষা প্রকাশ করেনি। তাদের নামে যেসব সমীক্ষা বাজারে ছড়াচ্ছে, সেসবই ভুয়ো। চার রাজ্যের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল বৃহস্পতিবার প্রকাশ করা হবে বলেও জানিয়েছে চাণক্য। কোন রাজ্যের সমীক্ষা কখন প্রকাশিত হবে, সেই সময়ও জানিয়ে দেওয়া হয়েছে।

প্রশ্ন উঠছে, তাহলে চাণক্যের নামে ভুয়ো সমীক্ষা ছড়াল কী করে? নেপথ্যে কি কোনও কারসাজি রয়েছে? বিশ্লেষকরা মনে করছেন, চাণক্য স্ট্র্যাটেজিস নামে অন্য এক সংস্থার সমীক্ষাকেই অনেকে টুডেজ চাণক্যর এক্সিট পোল হিসাবে ধরে নিয়েছেন। তাতেই বেড়েছে ভুল বোঝাবুঝি। অন্যদিকে, এক্সিট পোলের (West Bengal Exit Poll 2026) আরেক বিশ্বাসযোগ্য সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়া অন্য রাজ্যের নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করলেও বাংলা নিয়ে কিছুই বলেনি। বৃহস্পতিবার তারা বাংলার সমীক্ষা প্রকাশ করতে পারে। যদিও এই ধরনের বুথ ফেরত সমীক্ষাগুলি সবসময় যে নিখুঁত হয়, তেমন নয়। বাংলার জনমত জানা যাবে ৪ মে'তেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement