shono
Advertisement
Hockey India

ভারতীয় দলের জার্সি নীল থেকে গেরুয়া, জানেনই না বোর্ডের শীর্ষকর্তা! প্রকাশ্যে বিস্ফোরক ই-মেল

জানানো তো দূর, কোনও আলোচনা ছাড়াই রাতারাতি বদলে ফেলা হয়েছে জাতীয় দলের জার্সি। বিশ্বকাপের আগে এমনই বিস্ফোরক উঠেছে ভারতীয় দলকে ঘিরে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:10 PM Jul 31, 2026Updated: 09:09 PM Jul 31, 2026

নীল ছেড়ে গেরুয়া হয়েছে জার্সি। কিন্তু সেই নিয়ে কিছুই জানেন না ফেডারেশনের প্রেসিডেন্ট! জানানো তো দূর, কোনও আলোচনা ছাড়াই রাতারাতি বদলে ফেলা হয়েছে জাতীয় দলের জার্সি। বিশ্বকাপের আগে এমনই বিস্ফোরক উঠেছে ভারতীয় হকি দলকে ঘিরে। বিতর্ক আরও বাড়ল হকি ইন্ডিয়ার (Hockey India) প্রেসিডেন্ট দিলীপ তিরকের মন্তব্য ঘিরে। তিনি দাবি করেছেন, জার্সির রং বদল নিয়ে কিছুই জানতেন না। কীভাবে এই সিদ্ধান্ত নিল, কাদের হাতে সিদ্ধান্তগ্রহণের অধিকার তুলে দেওয়া হয়েছে, সমস্ত ইস্যুতে ফেডারেশন সদস্যদের থেকে জবাব চেয়েছেন তিনি। 

Advertisement

আগস্ট মাসে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বসছে হকি বিশ্বকাপের আসর। তার আগে পুরুষ এবং মহিলাদের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নতুন জার্সি উন্মোচনের ভিডিওটিও প্রকাশ করে ফেডারেশন। সেখানেই দেখা যায়, চিরাচরিত নীল জার্সি নয়, ভারতীয় হকি তারকাদের পরনে গেরুয়া রঙের জার্সি। এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। এমনকী হকির প্রসারে যে রাজ্য অগ্রণী ভূমিকা নিয়েছে, সেই ওড়িশার সরকারও এই ঘটনার জবাবদিহি চায় হকি ইন্ডিয়ার থেকে।

সমালোচনা বাড়তেই প্রকাশ্যে আসছে একের পর বিস্ফোরক তথ্য। বোর্ড সদস্য়দের পাঠানো একটি ই-মেলে তিরকে জানিয়েছেন, 'ভারতের জাতীয় দলের জার্সির রং বদলের বিষয়টি এক্সিকিউটিভ কমিটির বৈঠকে পেশ না করেই রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দুঃখজনকভাবে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আমার কাছে এই ঘটনায় জবাব চেয়েছে ওড়িশা সরকার। তাই আমি আধিকারিকদের অনুরোধ করছি, এই বদল নিয়ে বিস্তারিত তথ্য জানাতে যেন সরকারকে জবাব দেওয়া যায়।' এই ইমেল থেকেই স্পষ্ট, সর্বোচ্চ স্তরের অনুমোদন ছাড়াই জার্সির রং বদলে দেওয়া হয়েছে।

সংস্থার অন্দরে ই-মেলে ক্ষোভ উগরে দিলেও প্রকাশ্যে 'ড্যামেজ কন্ট্রোলে'র পথে হেঁটেছেন তিরকে। তাঁর আবেদন, জার্সি নিয়ে এত আলোচনা না করে খেলার দিকেই মন দেওয়া উচিত। হকি ফেডারেশনের দাবি, হকির মাঠ সাধারণত নীল রঙেরই হয়। সেখানে মাঠের সঙ্গে জার্সির রং একেবারে মিশে যায়। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনার পরই জার্সির রং বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি আর্জেন্টিনাও রাতারাতি নীল জার্সি বদলে ফেলবে? ক্রীড়াদুনিয়ায় ভারত মেন ইন ব্লু, ব্লু টাইগ্রেস এমন নামে পরিচিত। এবার কি তাহলে সেই পরিচয় মুছে ফেলার পালা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement