অঘটনের ফরাসি ওপেনে বোধহয় সবথেকে বড় অঘটনটা ঘটে গেল শুক্রবার মধ্যরাতে। বিদায় নিলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক, টেনিস বিশ্বের তিন নম্বর মহাতারকা নোভাক জকোভিচ। গতদিন বিদায় নিয়েছিলেন একনম্বর টেনিস তারকা জানিক সিনার। তাঁরই পথ অনুসরণ করে ২৫ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন নিয়ে খেলতে নামা জকোভিচ বিদায় নিলেন। পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডের ম্যাচে পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর র্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে থাকা ব্রাজিলের জোয়াও ফনসেকা ৪-৬, ৪-৬, ৬-৩, ৭-৫, ৭-৫-এ সার্বিয়ান কিংবদন্তিকে পরাস্ত করে পৌঁছে গেলেন প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে।
অথচ দিনের শুরুটা দেখে একবারও মনে হয়নি সার্বিয়ান কিংবদন্তি ম্যাচটি হেরে যেতে পারেন। প্রথম দু'টি সেট অনায়াসেই জিতলেন। ফনসেকা তখন নিজের ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন। কিন্তু তৃতীয় সেট থেকেই ম্যাচের পট পরিবর্তন। ধীরে ধীরে ম্যাচ থেকে পিছু হটতে শুরু করেন জকোভিচ। তৃতীয় সেটটি অনায়াসেই জিতে ম্যাচে ফিরে আসেন ফনসেকা। চতুর্থ এবং পঞ্চম সেটে লড়াই হল তীব্রতর। তারুণ্যের দীপ্তির কাছে শেষপর্যন্ত হার মানতে বাধ্য হলেন জকোভিচ। শেষ দু'টি সেটে চোয়াল চাপা লড়াই করলেন টেনিস কিংবদন্তি। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। বরং কোর্টের মাঝে অনেক বেশি তৎপরতা দেখিয়ে নোভাকের সার্ভিস ভেঙে দু'টি সেট এবং ম্যাচটিও জিতলেন ফনসেকা। এবং তাঁর এই দুর্দান্ত জয়ের সঙ্গে সঙ্গে জকোভিচের ২৫ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা আরও বাড়ল।
কে এই ফনসেকা? ১৮ বছর বয়সি ব্রাজিলীয় টেনিস প্রতিভা আগের ম্যাচেও দু'সেট পিছিয়ে থেকে কামব্যাক করেছিলেন। এই প্রথমবার কোনও কিশোর টেনিস খেলোয়াড়ের কাছে পরাস্ত হলেন জকোভিচ। ২০২৪-র এটিপি নেক্সট জেন ফাইনালে ওঠার পর থেকেই টেনিস দুনিয়ার নজরে আসেন ফনসেকা। ২০২৫-এ প্রথম এটিপি খেতাব জেতেন। ফোরহ্যান্ড অসাধারণ মারেন। অনেকেই মনে করছেন, জানিক সিনার ও কার্লোস আলকারাজের পর টেনিসের নতুন মুখ ফনসেকা।
অন্যদিকে কষ্টার্জিত জয় পেলেন একাদশ বাছাই আন্দ্রে রুবলেভ। তিনি ৭-৫, ৭-৬ (৭-২), ৭-৬ (৭-২)-এ হারালেন নুনো বর্জেসকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন। নতুন 'রাফা' রাফায়েল জোডার পাঁচ সেটের লড়াইয়ের পর ৭-৬ (৭-২), ৬-৭ (৫-৭), ৪-৬, ৬-৩, ৬-৩-এ অ্যালেক্স মিচেলসনকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় বাছাই ইগা সোয়াতেক ৬-৪, ৬-৪-এ ম্যাগদা লিনেটকে হারালেন। ১৫তম বাছাই ইউক্রেনের মার্তা কোস্তিউক ৬-৪, ৬-৩-এ ভিক্টোরিয়া গোলুবিচকে হারিয়েছেন। ১৮তম বাছাই সোরানা ক্রিস্টিয়া ৬-০, ৬-০-এ হারান সোলানা সিয়েরাকে।
