লুসানে ডায়মন্ড লিগে নামছেন ভারতের জ্যাভলিন-সুপারস্টার নীরজ চোপড়া। কিন্তু সেই মেগা আসরে দেখা যাবে না তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ নাদিমকে। ২১ আগস্ট থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। সেখানে নীরজের সঙ্গে নামার কথা অ্যান্ডারসন পিটার্স, জুলিয়ান ওয়েবারের মতো তারকাদের। সেখানে আরশাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নীরজের মুখোমুখি হতে হবে বলেই কি তবে পিছিয়ে গেলেন অলিম্পিকে সোনাজয়ী?
গ্লাসগোয় কমনওয়েলথ গেমসের ফাইনালে আরশাদ নাদিমকে দেখে চেনাই যাচ্ছিল না। দু’বছর আগে অলিম্পিকে সোনাজয়ী পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ারকে কেমন যেন ক্লান্ত-অবসন্ন লাগছিল। তাঁকে কেন এত ম্রিয়মাণ মনে হয়েছে? এর কারণও কিছুদিন আগে প্রকাশ্যে আসে। অভিযোগের তির পাকিস্তানের ক্রীড়া প্রশাসনের দিকেই। বলা ভালো, নিজদেশের কাছেই যেন ‘হেরে’ গেলেন নাদিম। অভিযোগ, অলিম্পিক্সে দেশের হয়ে একমাত্র ব্যক্তিগত সোনা জেতার পরেও নাদিমকে প্রয়োজনীয় সহায়তা দেয়নি পাকিস্তান অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশন। ফেডারেশনের সঙ্গে মনোমালিন্যের জেরেই নাকি বিদেশে অনুশীলনের সুযোগ পাননি তিনি। এমনকী গ্লাসগোর ঠান্ডায় খেলতে হবে জেনে নীরজ চোপড়া ও যশবীর সিং যেখানে সুইজারল্যান্ড ও পোল্যান্ডে অনুশীলন করেছেন, সেখানে নাদিম ঘাম ঝরিয়েছেন লাহোরের গরমে। এই পরিস্থিতিতে এবার লুসানের ডায়মন্ড লিগ থেকে নাম তুলে নিলেন পাক তারকা।
তবে আরশাদের দীর্ঘদিনের কোচ সলমন বাট জানিয়েছেন, নীরজকে এড়িয়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই। বরং সামনে থাকা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির কথা মাথায় রেখেই লুসানে না নামার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের তারকা। কোচের কথায়, "এই মাসে ডায়মন্ড লিগে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাদিম। কারণ, এশিয়ান গেমসের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চায়।" এই মুহূর্তে লাহোরে অনুশীলন করছেন আরশাদ। খুব শীঘ্রই উন্নত প্রশিক্ষণের জন্য দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে উড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সেখানে কোচ তেরসিয়াস লিবেনবার্গ এবং স্থানীয় প্রশিক্ষকদের অধীনে কয়েক সপ্তাহ কঠোর অনুশীলন করবেন তিনি। ভিসা পেলেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন নাদিম বলে জানিয়েছেন কোচ।
দক্ষিণ আফ্রিকা আরশাদের কাছে নতুন নয়। ২০২২ সালের কমনওয়েলথ গেমস এবং ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের আগে এই দেশেই প্রস্তুতি নিয়েছিলেন তিনি। দুই প্রতিযোগিতাতেই সোনা জিতে প্রস্তুতির সুফল পেয়েছিলেন পাকিস্তানের জ্যাভলিন তারকা। তবে সাম্প্রতিক সময়ে আরশাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। ফলে আগামী প্রতিযোগিতাগুলির আগে নিজের সেরা ছন্দে ফিরতেই প্রস্তুতিতে বেশি গুরুত্ব দিতে চাইছেন ২৮ বছরের এই তারকা।
